Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

বিশেষ জোর বাংলায়, বিহারে ফলপ্রকাশের পরেই তৈরি হবে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরসূচি

আজ, শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তার পরেই বাংলায় আনুষ্ঠানিকভাবে ভোটের ঢাকে কাঠি দিতে চলেছে বিজেপি।

বিশেষ জোর বাংলায়, বিহারে ফলপ্রকাশের পরেই তৈরি হবে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরসূচি
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তার পরেই বাংলায় আনুষ্ঠানিকভাবে ভোটের ঢাকে কাঠি দিতে চলেছে বিজেপি। জানা যাচ্ছে, বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচি তৈরি করতে চলেছে গেরুয়া শিবির। সেক্ষেত্রে নতুন বছরের গোড়াতেই পশ্চিমবঙ্গে যেতে পারেন প্রধানমন্ত্রী। দলের প্রকাশ্য সমাবেশে অংশ নেবেন তিনি। যদিও এই সংক্রান্ত তারিখ বা সমাবেশস্থল এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি জানা যাচ্ছে, চলতি মাসের শেষে বাংলায় যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

Advertisement

বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর কেটে গিয়েছে বেশ কয়েকমাস। কিন্তু এখনও পর্যন্ত নতুন রাজ্য কমিটি তৈরিই হয়নি। এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের নজিরবিহীন টালবাহানায় অসন্তুষ্ট দলীয় নেতাকর্মীদের একটি অংশ। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই দলের নতুন রাজ্য কমিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের প্রতি ‘অনুগত’ এবং ‘সক্রিয়’ নেতাদেরই নতুন রাজ্য কমিটিতে স্থান দিতে চলেছে বঙ্গ বিজেপি। পাশাপাশি গুরুত্ব বাড়বে উত্তরবঙ্গের নেতাদেরও। তবে দলের নতুন রাজ্য কমিটিতে বিজেপির ‘আদি’ এবং ‘নব্য’পন্থী নেতাদের ভারসাম্য কতটা রক্ষা করা সম্ভব হবে, সেই প্রশ্নই বড় হয়ে উঠছে। রাজনৈতিক সূত্রের দাবি, বঙ্গ বিজেপির নয়া রাজ্য কমিটির তালিকা ইতিমধ্যে দলের কেন্দ্রীয় পার্টিতে অনুমোদিত হয়েছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে চলতি সপ্তাহেই দিল্লিতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলীয় সূত্রে খবর, সেই বৈঠকের ফাঁকেই তাঁর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের সাক্ষাৎ হয়েছে। সেখানেই নয়া রাজ্য কমিটি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত মিলেছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সম্ভাব্য বঙ্গ সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও মোদি, শাহের সফর প্রসঙ্গে বিজেপি বৃহস্পতিবার রাত পর্যন্ত সরকারিভাবে কোনও মন্তব্য করেনি। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় গেলেও তখন তিনি ব্রিগেড সমাবেশ করবেন না। বাংলায় বিধানসভা নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় কড়া নাড়বে, সেই সময় ব্রিগেড সমাবেশে অংশ নেবেন তিনি। শক্তি প্রদর্শন করবে বঙ্গ বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ