Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ চতুর্থ তল ভাঙার নির্দেশ দক্ষিণ দমদমে

অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে কঠোর পদক্ষেপ করেছে দক্ষিণ দমদম পুরসভা। বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি হওয়া চারতলার ছাদ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ চতুর্থ তল ভাঙার নির্দেশ দক্ষিণ দমদমে
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে কঠোর পদক্ষেপ করেছে দক্ষিণ দমদম পুরসভা। বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি হওয়া চারতলার ছাদ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ পালন না হলে পুরসভা নিজেই ওই অবৈধ নির্মাণ ভেঙে দেবে এবং ভাঙার খরচ অভিযুক্তের থেকে আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে পুরসভার এমন কড়া মনোভাবে খুশি দক্ষিণ দমদমের বাসিন্দারা। সেই সঙ্গে তাঁদের প্রশ্ন, গোটা শহরেই তো অবৈধ নির্মাণর ছড়াছড়ি। অ্যাসেসমেন্টের সময় অনুমোদনহীন বাড়তি নির্মাণের জন্য ‘ফি’ কাটালেই সমস্তটা বৈধতা পেয়ে যায়। একজন কাউন্সিলারও পুরসভার অনুমোদনের কোনও তোয়াক্কা না করে অনুষ্ঠানবাড়ি তৈরি করেছেন। এসব ক্ষেত্রে পুরসভা কেন ঠুঁটো হয়ে বসে আছে? পুরসভা কি বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধই করে রাখবে? প্রশাসনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এমন প্রশ্ন। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় অবৈধ নির্মাণের রমরমা নিয়ে জেলাশাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। এই আবহে ১০ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণ নিয়ে পুরসভার কাছে অভিযোগ জমা পড়ে। সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারা অভিযোগ জানিয়ে বলেছিলেন, তিনতলা পর্যন্ত অনুমোদন থাকলেও আরও একটি তল নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় কাউন্সিলার সুরজিৎ রায়চৌধুরীও অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হন। এরপর পুরসভায় নিয়ম মেনে শুনানি হয়। সেখানে সব পক্ষের বক্তব্য শুনে নির্দেশে বলা হয়, তিনতলার উপর অবৈধভাবে ৪২.৬৭ বর্গমিটার নির্মাণ করা হয়েছে। ওই অংশ নির্মাণকারীকে ভেঙে ফেলতে হবে। তা না হলে পুরসভা নিজেই ভাঙবে। ভাঙার খরচ নির্মাণকারীর থেকেই আদায় করা হবে।
পুরসভার এই সক্রিয়তায় অনেকে খুশি হলেও প্রশ্ন উঠেছে,  একটি মাত্র আবাসনের বেআইনি নির্মাণ নিয়ে পুরসভা খড়গহস্ত কেন? দমদম রোডে চারতলা ‘নোলক’ গেস্ট হাউসটি এক কাউন্সিলারের। কোনও বিল্ডিং প্ল্যান নেই। দমদম রোডের উপর ওই এলাকাতেই একটি নতুন নির্মাণ হচ্ছে, যার দু’পাশের দোকানের মাঝে ২০ ইঞ্চিও ছাড় নেই! বহুতল আবাসনে পুরসভার ‘স্টপ ওয়ার্ক’-এর নির্দেশ অগ্রাহ্য করে নির্মাণ চলছে দেদার। এসব ক্ষেত্রে পুরসভা কেন হাত গুটিয়ে বসে আছে? নাকি প্রভাবশালীদের সরাসরি স্বার্থ থাকলে সবই ‘বৈধ’! কাউন্সিলার সুরজিৎবাবু বলেন, ‘আমিও অনিয়মের বিপক্ষে কথা বলেছি। শহরের আর কোথায় কী হচ্ছে, আমি বলতে পারব না। আমার ওয়ার্ডে অনিয়ম হতে দেব না।’ পুরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরী বলেন, ‘পুরসভার অনুমোদিত বিল্ডিং প্ল্যান বহির্ভূত অংশটি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এখনও সেই নির্দেশ কার্যকর করা হয়নি। তাই নির্মাণকারীকে ফের সাধারণ সভায় ডাকা হয়েছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ শহরের অন্যান্য অবৈধ নির্মাণ নিয়ে তাঁর বক্তব্য, অভিযোগ এলেই পদক্ষেপ করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ