নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফের টাকা তোলা যাবে এটিএম কার্ড ব্যবহার করেই। আগামী বছর থেকেই এই ব্যবস্থা চালু করতে চলেছে ইপিএফও। বুধবার আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করল শ্রমমন্ত্রক। এদিন কেন্দ্রীয় শ্রমসচিব সুমিতা দাওরা সংবাদসংস্থাকে বলেছেন, ‘২০২৫ সাল থেকেই ইপিএফের গ্রাহকরা এটিএম কার্ড ব্যবহার করে সরাসরি টাকা তুলতে পারবেন।’ এই ব্যবস্থা কার্যকর হলে ইপিএফের প্রায় সাড়ে সাত কোটি গ্রাহক উপকৃত হবেন। কেন্দ্রীয় শ্রমসচিব আরও বলেন, ‘ইপিএফওর গ্রাহক পরিষেবা প্রতিনিয়ত উন্নত করা হচ্ছে। গ্রাহকদের ক্লেম সেটলমেন্ট প্রক্রিয়া আরও সরল করার চেষ্টা চলছে। আশা করছি, ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই এই ব্যাপারে উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সাক্ষী থাকবেন ইপিএফ গ্রাহকরা। পুরোটাই চূড়ান্ত স্তরে রয়েছে।’ সম্প্রতি ‘বর্তমান’এ প্রকাশিত হয়েছিল যে, ইপিএফ গ্রাহকরা এটিএম কার্ড ব্যবহার করেই তাঁদের সঞ্চিত পিএফের টাকা তুলতে পারবেন কোনওরকম জটিলতা ছাড়াই। এবার তাতেই সিলমোহর পড়ল। যদিও কেন্দ্রীয় শ্রমসচিবের এদিনের মন্তব্যের পরেও দু’টি বিষয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। প্রথমত, যেকোনও ব্যাঙ্কের এটিএম ব্যবহার করেই কি ইপিএফের টাকা তোলা যাবে, নাকি এর জন্য আলাদা এটিএম কার্ড চালু করবে ভবিষ্যনিধি সংগঠন? এবং দ্বিতীয়ত, এই ব্যবস্থা চালু হলে কি টাকা তোলার ক্ষেত্রে অনুমোদন সংক্রান্ত নিয়মই তুলে দিতে চলেছে শ্রমমন্ত্রক? এই মুহূর্তে এই সংক্রান্ত অনুমোদন পেতে সংশ্লিষ্ট গ্রাহককে অপেক্ষা করতে হয় অন্তত সাত থেকে ১০ দিন।
Advertisement
এই ব্যাপারে কেন্দ্রীয় শ্রমসচিব এদিন কোনও উচ্চবাচ্য করেননি। তবে মন্ত্রকের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই এহেন ধোঁয়াশা কাটিয়ে বিবৃতি দেবে ইপিএফও।



