Bartaman Logo
১০ জুন, ২০২৬

২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে দিল্লি

২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৩ সালে দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে ‘বিশুদ্ধ’ শহর ছিল চেন্নাই। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এবং তৃতীয় স্থানে হায়দরাবাদ। এক্ষেত্রে কলকাতার স্থান ষষ্ঠ। এর মাণদণ্ড হিসেবে বাতাসে পিএম ২.৫-এর উপস্থিতিকে বিবেচনা করা হয়েছে বলে বৃহস্পতিবার রাজ্যসভায় জানিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। 
Advertisement
এদিন রাজ্যসভায় বায়ুদূষণ নিয়ে লিখিত প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ নীরজ দাঙ্গি। তাঁর জবাবে ২০২৩ সালের দেশের ন’টি মেট্রো শহরের পরিসংখ্যান পেশ করেছেন পরিবেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি জানান, বাতাসে দূষণ সৃষ্টিকারী পিএম ২.৫-এর ‘ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড’ এর বার্ষিক গড় প্রতি ঘনমিটারে ৪০ মাইক্রোগ্রাম। এই মাপকাঠিতে ২০২৩ সালে দেশের মাত্র চারটি মেট্রো শহরের পিএম ২.৫ গড় মানের নিচে রয়েছে। সেগুলি হল চেন্নাই (২৮), বেঙ্গালুরু (৩৩), হায়দরাবাদ (৩৮) এবং আমেদাবাদ (৩৯)। ষষ্ঠ স্থানে থাকা কলকাতায় প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫-এর বার্ষিক গড় মান ৪৮ মাইক্রোগ্রাম। দেশের মেট্রো শহরগুলির মধ্যে এই নিরিখে সবথেকে খারাপ পরিস্থিতি দিল্লির (১০৫ মাইক্রোগ্রাম)। দেশের মোট ৪৫৪টি শহরের উপর বায়ুদূষণ সংক্রান্ত নজরদারি চালানো হয়েছিল। তার মধ্যে ২৪৬টি শহরের বাতাসেই পিএম ২.৫-এর মান নির্ধারিত সহনীয় মাত্রার মধ্যেই রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন রাজ্যসভায় আরও জানিয়েছেন, দেশের ১৩০টি শহরের বায়ুর মান উন্নত করার উদ্দেশ্যে ২০১৯ সালে ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’ (এনসিএপি) কর্মসূচি চালু হয়েছে। তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ৯৭টি শহরেই বায়ু মান অনেক উন্নত হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ