নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪ সালে শহরে পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৯১। তার মধ্যে ৬৭ জনের মৃত্যুই হয়েছে বাসের ধাক্কায় বা চাকায় পিষ্ট হয়ে। লালবাজারের রিপোর্ট অনুযায়ী, প্রাণঘাতী দুর্ঘটনগিুলির মধ্যে ৩৫ শতাংশ ক্ষেত্রেই ‘দায়ী’ বাস ও মিনিবাস। সম্প্রতি ট্রাফিক বিভাগের তথ্য ও পরিসংখ্যান শাখার এই তথ্য প্রকাশ্যে আসায় চিন্তা বেড়েছে পুলিসের। তাই সচেতনতা প্রচারে মঙ্গলবার বাসমালিক সংগঠন ও অপরেটর্সদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিল লালবাজার ট্রাফিক বিভাগ। সেখানে উপস্থিতি ছিলেন ডেপুটি কমিশনার (ট্রাফিক) শ্রীকান্ত জগন্নাথরাও, ডেপুটি কমিশনার সাউথ (ট্রাফিক) অমিতকুমার সাউ সহ অন্যান্য অফিসাররা। বাসের দ্বারা শহরে অধিকাংশ দুর্ঘটনার তথ্য সেখানে তুলে ধরেন ডিসি। তিনি বলেন, ‘সকাল ও বিকেলের অফিসটাইমে শহরে প্রাণঘাতী দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। বাসচালকদের অনেক সংযত হয়ে গাড়ি চালাতে হবে।’ এদিন কর্মশালায় বাসমালিকদের বিভিন্ন দুর্ঘটনার ফুটেজের ভিডিও ক্লিপিংস দেখানো হয়। কীভাবে বেপরোয়া বাসচালকরা রেষারেষি করছেন, তা একেবারে প্রমাণ সহ দেখানো হয়। কোনও কোনও ট্রাফিক পুলিসের কর্মীর বাসকে জরিমানা করার বিষয়ে অতিসক্রিয়তা নিয়ে পাল্টা প্রশ্নও তোলেন বাসমালিকরা। ডিসি তাঁদের বলেন, ‘জরিমানা করাটা উদ্দেশ্য নয়। শহরবাসীর নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।’



