Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সর্বভারতীয় পরীক্ষায় দ্বিতীয় মধ্যমগ্রামের রিক্তা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ইউজিসি নেটে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছেন মধ্যমগ্রামের রিক্তা চক্রবর্তী।

সর্বভারতীয় পরীক্ষায় দ্বিতীয় মধ্যমগ্রামের রিক্তা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ইউজিসি নেটে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছেন মধ্যমগ্রামের রিক্তা চক্রবর্তী। তাঁর এই সাফল্যে খুশি ওর পরিবার। কৃতী ছাত্রীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রিক্তার সাফল্য কামনা করেছেন।

Advertisement

রিক্তা বলেন, ‘বাংলায় থেকে গবেষণা ও সাংবাদিকতা করতে চাই। আমি বাংলায় থেকেই কাজ করব।’ তাঁর বাড়ি মধ্যমগ্রাম পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিধানপল্লিতে। মাত্র সাতবছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। তারপর মা রিনা চক্রবর্তী সংসারের হাল ধরেন। মধ্যমগ্রাম স্টেশনে টিকিট কাউন্টারে কাজ করেন তিনি। রিক্তার একটি ছোট ভাই আছে। রিক্তা উচ্চমাধ্যমিক দেন মধ্যমগ্রাম গার্লস হাইস্কুল থেকে। তারপর দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন থেকে স্নাতক হন। ২০২২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে স্নাতকোত্তর। তারপর নেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। জুনে পরীক্ষা শেষ হয়। ফল বেরয় ২১ জুলাই। সর্বভারতীয় স্তরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়েছেন। বৃহস্পতিবার তাঁর বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা তুলে দেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। এই বিষয়ে তিনি বলেন, ‘মধ্যমগ্রামের একটি মেয়ের এই সাফল্য আমাদের কাছে গর্বের।’ শুভেচ্ছাবার্তা পাওয়ার পর রিক্তা বলেন, ‘আমার প্রথম থেকেই সাংবাদিকতার প্রতি ঝোঁক। কারণ এখানেই সমস্ত কিছু জানা যায়। আগে টিভি বা সংবাদপত্র পড়ার সময় ভাবতাম কবে আমি সাংবাদিক হব? অবশেষে সে সুযোগ আমার কাছে এসেছে। মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মাঝেও আমার কথা মনে রেখেছেন সে জন্য ওঁকে কৃতজ্ঞতা জানাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ