জলন্ধর: তীব্র গুলির লড়াইয়ের পর দুই গ্যাংস্টারকে গ্রেপ্তার করল জলন্ধর পুলিস। শুক্রবার জলন্ধরের ফলরিওয়াল গ্রামের কাছে এই গুলি বিনিময় হয়। পুলিস সূত্রে খবর, দু’পক্ষের মধ্যে পঞ্চাশ রাউন্ডেরও বেশি গুলি চলে। পুলিসের গুলিতে দুই দুষ্কৃতী আহত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃত দুজন খালিস্তানপন্থী জঙ্গি লখবীর সিং ওরফে লান্ডার গ্যাংয়ের সদস্য। বর্তমানে লখবীর কানাডায় লুকিয়ে রয়েছে। ধৃতদের থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। গুলির লড়াইয়ে দুই পুলিসকর্মীও আহত হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। দুই গ্যাংস্টারেরও চিকিত্সা চলছে। পাঞ্জাব পুলিসে ডিজি গৌরব যাদব জানান, ধৃত দুজনের নাম জসকরণ ওরফে করণ এবং ফতেদীপ সিং ওরফে প্রদীপ সাইনি। দুজনের বিরুদ্ধে জলন্ধর সদর থানায় মামলা দায়ের হয়েছে। জলন্ধরে বিভিন্ন দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে জড়িত লান্ডা গ্যাং। ধৃত দুজনের বিরুদ্ধেও খুন, অপহরণ, খুনের চেষ্টা ও তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
Advertisement
জলন্ধর কমিশনারেটের একটি সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে দুই গ্যাংস্টারের গতিবিধির খবর পেয়ে তাদের গ্রেপ্তারের জন্য অভিযানে বের হন জলন্ধরের পুলিস সুপার স্বপন শর্মা। ফলরিওয়াল গ্রামের কাছে দুজনের সন্ধান মেলে। পুলিস আসছে বুঝতে পেরেই ওই দুই গ্যাংস্টার গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিসও। দুই দুষ্কৃতী রাস্তার পাশের জঙ্গলে গিয়ে লুকোয়। তারপরই দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। পুলিস সুপার জানিয়েছেন, ধৃত দুজন অন্য গ্যাংয়ের সদস্যদের অস্ত্র ও অন্যান্য সাহায্যের কাজও করত। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে লান্ডার সরাসরি যোগাযোগ রয়েছে। বিপক্ষ কোনও গ্যাংয়ের দুই সদস্যকে খুনের উদ্দেশ্য নিয়েই তারা জলন্ধরে এসেছিল। পুলিস সুপার জানিয়েছেন, লান্ডা গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।



