


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার পরে এবার শিক্ষাকর্মী (গ্রুপ সি এবং গ্রুপ ডি) ও গ্রন্থাগারিক নিয়োগের বিধি তৈরি করল স্কুলশিক্ষা দপ্তর। ক্লার্ক পদে ৬০ নম্বরের ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা হবে। অ্যাকাডেমিক স্কোর থাকছে সর্বোচ্চ ১০ নম্বরের। আর যোগ্য শিক্ষকদের মতোই শিক্ষাকর্মীদের জন্যও অভিজ্ঞতার জন্য নম্বর থাকছে। প্রতিবছরের জন্য বরাদ্দ থাকবে ১ নম্বর। সর্বোচ্চ ৫ নম্বর পাওয়া যাবে। ইন্টারভিউয়ে ২৫ নম্বর বরাদ্দ। তার মধ্যে মৌখিক সাক্ষাৎকারে ১০ নম্বর এবং কম্পিউটারের টাইপিং স্পিড এবং কম্পিউটারের সার্বিক দক্ষতার জন্য ১৫ নম্বর বরাদ্দ থাকবে।
গ্রুপ ডি পদে ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা ৪০ নম্বরের। অভিজ্ঞতার জন্য বরাদ্দ ৫ নম্বর। ওরাল ইন্টারভিউয়ে রাখা হয়েছে ৫ নম্বর। লাইব্রেরিয়ান পদে লিখিত পরীক্ষার জন্য থাকছে ৭৫ নম্বর। এটিও ওএমআর ভিত্তিক পরীক্ষা। পেশাগত যোগ্যতার জন্য রয়েছে ১০ নম্বর। এর মধ্যে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রিও রয়েছে। তাঁদেরও সর্বোচ্চ ৫ নম্বর দেওয়া হবে অভিজ্ঞতার জন্য। মৌখিক ইন্টারভিউয়ে বরাদ্দ থাকবে ১০ নম্বর।
অন্যদিকে, ৭ এবং ১৪ সেপ্টেম্বর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ঘিরে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে সরকার। কীভাবে প্রশ্ন এবং উত্তরপত্র পাঠানো হবে, কোন সময়ের জন্য লাউড স্পিকার, ফোটোকপির দোকান বন্ধ রাখতে হবে, সবই বলা হয়েছে। এসএসসি’র কেন্দ্রীয় কার্যালয়সহ সবক’টি রিজিয়নের নম্বর প্রকাশ করে যেকোনও সমস্যায় যোগাযোগ করতে বলা হয়েছে।