Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআরে নাম না থাকায় রিষড়ার প্রৌঢ়া আত্মঘাতী

এসআইআরের কারণে মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য হুগলির রিষড়ায়। ভোট মরশুমে ওই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস-বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

এসআইআরে নাম না থাকায় রিষড়ার প্রৌঢ়া আত্মঘাতী
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, বসিরহাট: এসআইআরের কারণে মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য হুগলির রিষড়ায়। ভোট মরশুমে ওই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস-বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। শনিবার রাতে শ্রীরামপুর বিধানসভার রিষড়া গ্রাম পঞ্চায়েতের বারুজীবী পাড়াতে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মিনতি সেন (৫৮)। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। মিনতিদেবীর ছেলে ভোলা সেনের অভিযোগ, তাঁর মায়ের নাম এসআইআরের তালিকায় ছিল না। তথ্য দেওয়ার পরেও নাম ওঠেনি। তা নিয়ে তাঁর মা অবসাদে ভুগছিলেন। তা থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এমনকী আমার নামও আপাতত ভোটার তালিকায় নেই। শনিবার রাত থেকেই ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়।

Advertisement

এদিকে, রবিবার সকালেই ভোলা সেনের বাড়িতে যান শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার সঙ্গে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, এই সমস্ত মৃত্যু মিছিল বিজেপি এবং তাদের নির্বাচন কমিশনের ষড়যন্ত্র। নাম বাতিলের মাধ্যমে মানুষকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হচ্ছে। এমন পরিবেশ তৈরি করা হয়েছে যে, নাগরিকরা কোনও অবস্থাতেই আশ্বস্ত হতে পারছেন না। এই তীব্র সামাজিক সঙ্কট তৈরির দায় বিজেপিকে নিতে হবে। ওই মহিলার ২০০২ সালের এসআইআরে নাম ছিল। তাহলে কেন এত হেনস্তা করা হল, সেটাও আমরা জানতে চাই। ভোলা সেন বলেন, মা নানা কারণেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার উপরে ভোটার তালিকায় নাম না থাকা এবং চেষ্টা করেও নাম না ওঠায়, আরও ভেঙে পড়েন। রোজই আমাকে বলতেন, তাহলে কি আর এখানে থাকতে পারব না? সেখান থেকেই তিনি অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।
যদিও বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু মৃত্যুর প্রকৃত তদন্ত হওয়া দরকার। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি’কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে কাজ থেকে বাড়ি ফিরে আসেন ভোলা। তখনই দেখতে পান, বাড়ি অন্ধকার। মায়ের ঘরের দরজা বন্ধ। তারপর প্রতিবেশীদের ডেকে তিনি দরজা ভেঙে মা’কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশের সাহায্য নিয়ে রাতেই তাঁকে শ্রীরামপুর সুপার স্পেশ্যা঩লিটি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, এসআইআর নিয়ে ক্ষোভের বিস্ফোরণ হয়েছে হাসনাবাদের মাখালগাছাতে। সেখানে কয়েকটি বুথের ৭০০ জন ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগে নাগরিকরা বিক্ষোভ দেখান। স্থানীয় মালঞ্চ রোড অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‌্যাফ। অন্যদিকে, শ্রীরামপুরের সাত নম্বর ওয়ার্ডের ১৬৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। ওই বাসিন্দারা নাম ফেরানোর দাবিতে এদিন তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সঙ্গে মিছিলে হেঁটেছেন। 

সম্পর্কিত সংবাদ