


ভোপাল: বিয়ের অনুষ্ঠানের অংশ হিসাবে ঘোড়ায় চড়েছিলেন বছর তেইশের দলিত যুবক। সেই ‘অপরাধে’ তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উচ্চবর্ণের চার যুবকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের দামোহার ঘটনা ফের একবার বিজেপি শাসিত রাজ্যে জাতিবিদ্বেষের প্রকৃত ছবিটা সামনে নিয়ে এল। অভিযুক্তদের বিরুদ্ধে এসসি-এসটি আইন সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার সন্ধ্যায় বিবাহ-পূর্ব অনুষ্ঠানের অংশ হিসেবে গোলু আহিরওয়ার নামের ওই যুবককে ঘোড়ায় চাপিয়ে শোভাযাত্রায় বের হয় পরিবার। তখনই তাঁদের মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। আহত গোলু জানিয়েছেন গুড্ডু সিং, কৃষ্ণ, হাকাম, পালটু লোধিরা তাঁকে জোর করে ঘোড়া থেকে নামিয়ে মারধর করে। পরিবারের দাবি, জাতিগত বিদ্বেষ থেকেই এই হেনস্তা।
গোলুর দিদি মণীশা অহিরওয়ার জানিয়েছেন, ‘আমাদের উপর বিনা প্ররোচনায় আক্রমণ করা হয়েছে। ওঁরা স্পষ্ট জানিয়েছিল, এই ধরনের শোভাযাত্রা দলিত সমাজের জন্য নয়’। ঘটনার পরেই পুলিশের কাছে অভিযোগ করে অহিরওয়ার পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে এসসি-এসটি আইন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।