নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিকস দপ্তরের প্রধান সচিব হলেন প্রবীণ আইএএস আধিকারিক অনুপকুমার আগরওয়াল। দীর্ঘদিন ধরে এই পদটিতে ছিলেন প্রবীণ আইপিএস আধিকারিক রাজীব কুমার। রাজ্য পুলিসের ডিজি হওয়ার পরেও তিনি তথ্য-প্রযুক্তি দপ্তরের প্রধান সচিবের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে প্রশাসনিক মহল মনে করছে। এখন থেকে তিনি শুধু রাজ্য পুলিসের শীর্ষকর্তার দায়িত্বই সামলাবেন। অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আইএএস আধিকারিক অনুপ আগরওয়াল হাতে আরও দায়িত্ব থাকছে। তিনি কারিগরি শিক্ষাদপ্তরের প্রধান সচিব, জলপাইগুড়ি ডিভিশনের কমিশনারের দায়িত্ব পালন করে যাবেন। নবান্ন থেকে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে প্রবীণ আইপিএস আধিকারিক রাজেশ কুমারকে গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের প্রধান সচিব পদে আনা হয়েছে। তিনি কারাদপ্তরের প্রধান সচিব ছিলেন। কারাদপ্তরের প্রধান সচিব হলেন অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আইএএস আধিকারিক হৃদেশ মোহন। তিনি গ্রন্থাগার দপ্তরের দায়িত্বে ছিলেন।



