


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনায় প্রবল ক্ষুব্ধ রেল বোর্ড। এই ব্যাপারে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে জবাবদিহি চেয়ে পাঠাল রেলমন্ত্রক। আগামী সাতদিনের মধ্যে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে এই ব্যাপারে জবাব দিতে হবে। শুক্রবার রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। এই ব্যাপারে কোনওরকম টালবাহানা চাইছে না রেলমন্ত্রক। তাই যত দ্রুত সম্ভব, কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনায় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত রেল আধিকারিকদের।
ঘটনাচক্রে এই ঘটনার দিনকয়েক আগেই লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের এক প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, গত পাঁচ বছরে কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণে ২৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনার পর প্রশ্ন উঠছে, কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ কি তাহলে বরাদ্দকৃত অর্থ ঠিকমতো খরচ করেনি? রেল সূত্রের দাবি, আগামী দিনে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে খরচের হিসেবও চাইতে পারে মন্ত্রক।
এদিকে, বাংলায় আরও একটি রেল প্রকল্প অনুমোদিত হয়েছে। শুক্রবার রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ থার্ড লাইনের কাজ অনুমোদিত হয়েছে। পূর্ব রেলের আওতায় থাকা এই প্রকল্পের বরাদ্দ হবে ৪৭৪ কোটি টাকার কিছু বেশি। নিজস্ব চিত্র