কিয়েভ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরীর-স্বাস্থ্য নিয়ে জল্পনার অন্ত নেই। একাধিকবার খবর রটেছে, তিনি মারাত্মক রোগে আক্রান্ত। ক্রেমলিনের তরফে কখনও তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। কখনও আবার নীরব থেকেছে প্রশাসন। ফের একবার সেই বহু চর্চিত বিষয় উস্কে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তাঁর দাবি, কিছু দিনের মধ্যেই পুতিন মারা যাবেন। তারপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে।
বুধবার প্যারিসে ইউরোপীয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জেলেনস্কি। সেখানেই পুতিনের স্বাস্থ্য নিয়ে বিস্ফোরক দাবি করেছেন তিনি। তথ্যভিজ্ঞ মহলের মতে, দিন কয়েক আগেই আংশিক যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে রাশিয়া-ইউক্রেন। তারপরই মস্কোর উপর থেকে নিষেধাজ্ঞা কাটছাঁট করেছে আমেরিকা। এই আবহে জেলেনস্কির দাবি ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। প্যারিসে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক পরিসরে পুতিনকে একঘরে করে রাখা হয়েছিল। সেখান থেকে বেরতে আমেরিকা যেন কোনওভাবেই সাহায্য না করে। তাহলে ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে রাশিয়া। জেলেনস্কির আর্জি, পুতিনের উপর চাপ বজায় রাখুক আমেরিকা ও ইউরোপ। কারণ এই জোটকে ভয় পান পুতিন। এছাড়া রুশ প্রেসিডেন্ট নিজের মৃত্যু নিয়েও আতঙ্কে রয়েছেন। শীঘ্রই পুতিন মারা যাবেন। যুদ্ধ শেষ হবে।