নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ-পূর্ব রেলের দূরপাল্লার ও স্বল্প দূরত্বের ট্রেন নির্দিষ্ট সময়সূচি মেনে চলছে না। যাত্রীদের তরফে লাগাতার এই অভিযোগ উঠছে। সাঁতরাগাছিতে নন-ইন্টারলকিং কাজের জন্য বহুদিন ধরে ট্রেন যাত্রাপথে গতি হারাচ্ছে। সেই সূত্রে আজ, সোমবার পুরী-হাওড়া (১২২৭৮/১২২৭৭) শতাব্দী এক্সপ্রেস বাতিল থাকবে। লিঙ্ক রেকটি লেটে চলার কারণে ট্রেনটির যাত্রা বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। অন্যদিকে যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে আজ থেকে ছ’দিন বাতিল থাকবে আরও একটি মেমু ট্রেন। আসানসোল-আদ্রা (৬৮০৪৬/৬৮০৪৫) মেমু প্যাসেঞ্জার ট্রেনটি আজ থেকে এক জুন পর্যন্ত চলবে না। তবে এই সময়ের মধ্যে ২৮মে এই মেমু ট্রেনটি যাত্রাপথে স্বাভাবিক ছন্দে পরিষেবা দেবে। একইসঙ্গে টাটানগর-আসানসোল (৬৮০৫৬/৬৮০৬০) মেমু প্যাসেঞ্জার ট্রেন ২৭, ২৮মে এবং এক জুন যাত্রাপথে আদ্রা থেকে আসানসোলের মধ্যে চলবে না। এই দিনগুলি আদ্রা থেকে ট্রেনটি যাত্রা শুরু ও শেষ করবে।



