নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মহাষষ্ঠীতে নৌকায় কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী লক্ষ্মীকান্ত ব্রহ্ম। বহিরগাছি ঘাটের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় দেবীর স্বপ্নাদেশ পান। দেবী লক্ষ্মীকান্তকে বলেন,পাশের কাশবনে আমি রয়েছি, আমাকে বাড়ি নিয়ে চলো এবং প্রতিষ্ঠা করো। ঘুম ভেঙে গিয়ে তৎক্ষণাৎ ওই ব্যবসায়ী মাঝিকে নদী ঘাটে নৌকো নোঙর করতে বলেন। ঘাটে নৌকা ভিড়তেই সত্যিই লক্ষ্মীকান্ত দেখেন সেখানে একটি দুর্গা প্রতিমা পড়ে রয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেনওই প্রতিমা এক পরিবারের পুজোর জন্য তৈরি হয়েছিল। কিন্তু সেই পরিবারের এক তরুণ সাপের কামড়ে মারা যাওয়ায় শোকগ্রস্ত অবস্থায় সদস্যরা প্রতিমার বিসর্জন না দিয়ে সেখানেই ফেলে রেখে চলে যায়। লক্ষ্মীকান্ত দেবীর নির্দেশ মেনে প্রতিমা নিজের বাড়ি নিয়ে যান। কিন্তু তখন তো ষষ্ঠীপুজো হয়ে গিয়েছে। আর সেইদিন থেকেই নদীয়ার চাপড়ার এই ঐতিহ্যের দুর্গাপুজোয় ষষ্ঠী ঠাকুরনের পুজো হয় না। চাপড়ার ব্রহ্মবাড়ির এই পুজো শুধু এক পরিবারের নয়, গোটা এলাকার হৃদয়ের স্পন্দন। পুজোর ক’টা দিন এখানে জাতি, বর্ণ, ধর্মের সব ভেদাভেদ মুছে যায়। গ্রামের প্রতিটি মানুষ হিন্দু-মুসলিম নির্বিশেষে সমানভাবে যুক্ত হন দেবীর আরাধনায়।ব্রহ্মবাড়ির পুজো ২৭০ বছরেরও বেশি প্রাচীন। এই পরিবারের আদি পদবি ছিল দে চৌধুরী। তাঁদের আদি নিবাস উত্তর ২৪ পরগনার হালিশহরে। তখন বাংলায় ইংরেজ শাসন পুরোপুরি জাঁকিয়ে বসতে পারেনি। রাজস্বছিল মুঘল নবাবদের হাতে। নবাব মুর্শিদকুলি খাঁর সময়ে বাংলার রাজস্ব সরাসরি দিল্লি পাঠানো হতো। এই দে চৌধুরী পরিবারের সুতোর কারবার ছিল। ব্যবসার প্রয়োজনে তাঁরা নদীয়ার হৃদয়পুরের সুতিয়ায় (বর্তমানে সুটিয়া) বসতি স্থাপন করেন এবং ধীরে ধীরে সেখানে জমিদারি গড়ে তোলেন। পরে তাঁদের পরিবার ‘ব্রহ্ম’ উপাধি লাভ করে।



