Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদায় হরি মন্দিরে পুজো, বনগাঁয় ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার তৃণমূলের

প্রার্থী ঘোষণা হতেই ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল। বুধবার বাগদার হেলেঞ্চা হরি মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

বাগদায় হরি মন্দিরে পুজো, বনগাঁয় ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার তৃণমূলের
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: প্রার্থী ঘোষণা হতেই ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল। বুধবার বাগদার হেলেঞ্চা হরি মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এদিন বিকেলে সমর্থকদের সঙ্গে নিয়ে হরিমন্দিরে যান তিনি। সেখানেও পুজো দেন। এরপর হেলেঞ্চা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। পরে মধুপর্ণা ঠাকুর বলেন, ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভোটপ্রচার শুরু করলাম। এরপর সাধারণ মানুষের আশীর্বাদ নিতে তাঁদের কাছে পৌঁছে যাচ্ছি। অন্যদিকে, বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বনগাঁ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন। মতুয়া মন পেতে ২২ নম্বর ওয়ার্ডে তাঁদের সঙ্গেই মিশে যান তিনি। নিজে কাঁধে ডঙ্কা নিয়ে বাজান। মতুয়াগড় বনগাঁ, বাগদা, গাইঘাটা কেন্দ্রে বারবার নির্ণায়ক ভূমিকা নিয়েছেন মতুয়ারা। ২০১৯ সাল থেকে মতুয়াদের সমর্থনে এখানে বিজেপি জয়ী হয়েছে। তবে এসআইআর ইস্যুতে এবার বিজেপি থেকে মুখ ফেরাচ্ছেন ভোটাররা। সেটাকেই এই ভোটে অন্যতম হাতিয়ার করেছে তৃণমূল। অন্যদিকে, প্রার্থী ঘোষণা হলেও বনগাঁ, বাগদা, গাইঘাটায় সেভাবে প্রচার শুরু করেনি বামফ্রন্ট। বাগদার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌর বিশ্বাস ভোট ময়দানে মতুয়াদের আলাদা করে দেখতে নারাজ। তিনি বলেন, বিজেপি ও তৃণমূল ভোট ময়দানে মতুয়াদের আলাদা করেছে। আমরা সকলের কাছেই পৌঁছবো। সকলের ভোট আমাদের প্রয়োজন। আলাদা করে মতুয়া ভোট বলে কিছু হয় না।

Advertisement
সম্পর্কিত সংবাদ