নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত ১৮ জুলাই দুর্গাপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রকাশ্য সমাবেশ করেছিলেন তিনি। এরপর পুজোর আগেই ফের রাজ্যে আসতে পারেন মোদি। সোমবার বিজেপির শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। দলীয় সূত্রের খবর, পরবর্তী পর্বে নদীয়া জেলায় রাজনৈতিক সভা করতে পারেন প্রধানমন্ত্রী। যদিও এর দিনক্ষণ এখনও পর্যন্ত স্থির হয়নি। তবে মনে করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসের গোড়াতেই রাজ্যে আসতে পারেন মোদি।
আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মাসখানেকের ব্যবধানে ফের রাজ্যে গিয়ে আদতে ভোটে প্রচারের কাজই প্রধানমন্ত্রী শুরু করে দিচ্ছেন। যদিও এখনই রাজ্যে ব্রিগেড সমাবেশের কথা ভাবছে না বিজেপি। দলীয় সূত্রের দাবি, বিধানসভা নির্বাচন যখন একেবারে দোরগড়ায় চলে আসবে, তখনই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করা হবে। সেক্ষেত্রে সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন। অন্দরের খবর, ব্রিগেড সমাবেশের আগে সাংগঠনিক প্রস্তুতি যাচাই করে নিতে চাইছে বিজেপি। কারণ যদি দেখা যায়, প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে পর্যাপ্ত লোক হয়নি, তাহলে তা বিজেপির জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার হবে। সবথেকে বড় ব্যাপার হল, এমন হলে বিধানসভা ভোটের মুখে বঙ্গ বিজেপির নেতা-কর্মী, সমর্থকদের মনোবলও প্রবলভাবে ধাক্কা খাবে। তাই একেবারে আঁটঘাঁট বেঁধেই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করতে চাইছে দল।