


‘ফার্মা অন্বেষণ’ ২০২৬ আয়োজন করল ফার্মাসি কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই)। জেআইএস গ্রুপের ফ্লেমিং কলেজ অব ফার্মেসির সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। ৯ মার্চ এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতের ফার্মাসিউটিক্যাল শিক্ষার জনক অধ্যাপক মহাদেব লাল স্ক্রফ-এর ১২৪তম জন্মবার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ফার্মাসিউটিক্যাল গবেষক, শিল্পক্ষেত্রের পেশাজীবী ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা। ফার্মাসিউটিক্যাল শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নানা ক্ষেত্র নিয়ে আলোচনা চলে। আকাডেমিয়া, শিল্পক্ষেত্র ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় আরো জোরদার করে উন্নত ফার্মাসিউটিক্যাল পরিকাঠামো গড়ে তোলার কথাও উঠে আসে। পিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট জাসুভাই হীরাভাই চৌধুরী বলেন, ‘ভারতে ফার্মাসি শিক্ষা বর্তমানে এক রূপান্তরের পর্যায়ে এসেছে। এই ধরনের ‘ফার্মা অন্বেষণ’ তরুণ গবেষক ও পেশাদারদের উৎসাহিত করে।’ সমাবেশে বক্তব্য রাখেন পিসিআই-এর জোনাল কো-অর্ডিনেটর ধর্মেন্দ্র সিং, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার (পূর্বাঞ্চল) অনুপ কুমার চট্টোপাধ্যায় প্রমুখ।