Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আংশিক টাকা শোধ করলেই সরকারি ঋণ থেকে মুক্তি! টোপ ডিফল্টারদের

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারেননি অনেকেই। আইনি ভাষায় তাঁরা ডিফল্টার।

আংশিক টাকা শোধ করলেই সরকারি ঋণ থেকে মুক্তি! টোপ ডিফল্টারদের
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অলকাভ নিয়োগী, বিধাননগর: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারেননি অনেকেই। আইনি ভাষায় তাঁরা ডিফল্টার। এবার তাঁদেরকেই টার্গেট করছে প্রতারকরা। নিগমের নাম করে আইনজীবী পরিচয় দিয়ে তারা ঋণ নিষ্পত্তির টোপ দিচ্ছে। ফোনে বলছে, মোট বকেয়ার একাংশ দিলেই ঋণের দায় থেকে মুক্তি মিলবে। সেই টাকা মেটানোর জন্য গ্রাহকদের ইউপিআই নম্বরও পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি জানতে পারার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। গ্রাহকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নিগম কর্তৃপক্ষ। 

Advertisement

ঋণ দেওয়ার নামে প্রতারণার ঘটনা নতুন নয়। কিন্তু, সরকারি দপ্তরের ঋণ শোধ করে দেওয়ার নামে প্রতারণা এই প্রথম। ডিফল্টার ঋণ গ্রাহকদের মোবাইল নম্বর কীভাবে প্রতারকদের হাতে পৌঁছল, তাও উদ্বেগের কারণ। নিগম সূত্রে জানা গিয়েছে, আর্থিক সহায়তা ও উন্নয়নের স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন খাতে ঋণ দেওয়া হয়। কোনও গ্রাহক ঋণের কিস্তি পরিশোধ করতে না পারলে পর পর দু’বার নোটিস পাঠানো হয়। তৃতীয়বার নোটিস পাঠানো হয় নিগমের নথিভুক্ত আইনজীবীদের মাধ্যমে। তারপর ডিফল্টারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিগমের আইনজীবীরা কখনওই  ঋণ গ্রাহকদের সরাসরি ফোন করেন না।
প্রতারকরা ডিফল্টার ঋণ গ্রাহকদের বেশ কয়েকটি নম্বর থেকে ফোন করছে। শুধু আইনজীবী নয়, কোনও কোনও প্রতারক নিজেদের নিগমের নাম নিয়ে ল ক্লার্ক বলেও দাবি করছে। গ্রাহকরা ভাবছেন, সত্যিই বোধ হয় আংশিক টাকা শোধ করে দিলে ঋণ নিষ্পত্তির সুযোগ রয়েছে। কেউ কেউ ফাঁদে পা দিয়েও ফেলছেন। টাকা নেওয়ার জন্য প্রতারকরা একটি ইউপিআই নম্বর পাঠাচ্ছে গ্রাহকদের। বলছে, নিগমে বা ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই। এই নম্বরে টাকা পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। 
ঋণ গ্রাহকদের কাছ থেকেই এ সম্পর্কে জানতে পারে নিগম কর্তৃপক্ষ। তারপরই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ গত ২৬ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যে নম্বরগুলি থেকে গ্রাহকদের কাছে ফোন আসছে, সেই নম্বরগুলিও দেওয়া হয়েছে। সেই সূত্র ধরেই খোঁজ চলছে প্রতারকদের। নিগমের ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেহ বলেন, ‘আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছি। নিগম থেকে কেউ এই ধরনের ফোন করে না। আমাদের রেজিস্টার্ড আইনজীবী আছেন। কিন্তু, যারা আইনজীবী পরিচয়ে গ্রাহকদের ফোন করেছে, তারা আমাদের কেউ নয়। গ্রাহকদেরও সতর্ক হতে বলব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ