Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মোদির প্রশংসায় পঞ্চমুখ মাস্ক, জানালেন ভারত সফরে আসছেন

গতকাল, শুক্রবার মাস্ককে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির প্রশংসায় পঞ্চমুখ মাস্ক, জানালেন ভারত সফরে আসছেন
  • ১৯ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

ওয়াশিংটন, ১৯ এপ্রিল: ফোনটি গিয়েছিল ভারত থেকেই। আজ, শনিবার সেই ফোনের বিষয়ে মুখ খুললেন ধনকুবের এলন মাস্ক। এদিন তিনি জানিয়েছেন চলতি বছরেই ভারত সফরে আসবেন। গতকাল, শুক্রবার মাস্ককে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে আলোচনা হয়, প্রযুক্তি এবং প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে। তেমনটাই গতকাল জানিয়েছিলেন মোদি। এই সেক্টরে ভারত এবং আমেরিকা পরস্পরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

Advertisement

ভারত ও আমেরিকার প্রযুক্তিগত ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে বলেও মোদি জানান। এবার সেই ফোনালাপের রেশ ধরেই এদিন এক্সে(টুইটার) মাস্ক লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলা সত্যিই একটি সৌভাগ্যের বিষয়। চলতি বছরের শেষে ভারতে আসার ইচ্ছা রয়েছে’।, আর এতেই শুরু হয়েছে জল্পনা। তবে কী মাস্কের হাত ধরেই ভারতে যাত্রা শুরু করবে টেসলা! নাকি টেসলার সঙ্গেই ভারতে পা রাখবে স্টারলিঙ্ক? প্রশ্ন বিশেষজ্ঞদের। কারণ প্রধানমন্ত্রী মোদি, মাস্কের সঙ্গে আলোচনায় প্রযুক্তি এবং প্রযুক্তিগত দিকটির কথা গতকাল তুলে ধরেন। আর তাতেই দুয়ে দুয়ে চার করছেন অনেকে। গাড়ি থেকে শুরু করে প্রযুক্তি সবক্ষেত্রেই ব্যবসা রয়েছে মাস্কের। তাই ভারতে টেসলা ছাড়া আর কী কী বিষয়ে বিনিয়োগ করবেন তা এখনও স্পষ্ট নয়।

তবে ভারতে মাস্কের বিনিয়োগ আসছে তা আজকের টেসলা কর্তার বক্তব্যেই স্পষ্ট। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। সেখানে গিয়েই মাস্কের সঙ্গে বৈঠক করেন। তারপরেই কানাঘুষো শোনা যায় ভারতে টেসলার প্রবেশ নিয়ে। যদিও এই বিলাসবহুল গাড়ির কারখানা কবে ভারতে গড়া হবে তা নিয়ে কিছুই জানা যায়নি। তবে এবার মোদি-মাস্কের ফোনালাপ ও এক্স কর্তার ভারত সফরের প্রতিশ্রুতি দেখে সকলের অনুমান টেসলা খুব শীঘ্রই আসছে ভারতে। একই সঙ্গে মাস্ক ও মোদির এই ফোনালাপ আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে খুবই ইঙ্গিতপূর্ণ। কারণ ট্রাম্পের শুল্কনীতির জেরে কাঁপছে গোটা বিশ্বই। তার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ঘনিষ্ঠ শিল্পপতি মাস্কের ভারত সফর ও মোদি সখ্যতা এক অন্য বার্তাও দিচ্ছে, বলে মত বিশেষজ্ঞদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ