Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

খসড়া আয়কর বিধিতে গুরুত্ব কমছে প্যানের

দুবছর আগে ঘোষণা করা হয়েছিল, কোনও আর্থিক লেনদেনে প্যান কার্ডই সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হতে চলেছে। প্যানের সঙ্গে সেই কারণেই আধার কার্ডকে সংযুক্ত করা হবে।

খসড়া আয়কর বিধিতে গুরুত্ব কমছে প্যানের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুবছর আগে ঘোষণা করা হয়েছিল, কোনও আর্থিক লেনদেনে প্যান কার্ডই সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হতে চলেছে। প্যানের সঙ্গে সেই কারণেই আধার কার্ডকে সংযুক্ত করা হবে। কিন্তু আগামী এপ্রিল মাস থেকে যে নতুন আয়কর আইন চালু হতে চলেছে, সেখানে প্যান কার্ড সংক্রান্ত একঝাঁক বিধির বড়সড় বদল আনা হয়েছে। যা সাধারণ মানুষের জন্য সুধিবাজনক অবশ্যই, কিন্তু উঠছে একঝাঁক প্রশ্নও। এই নয়া বিধির কথা জানিয়ে আয়কর আইনের (২০২৫) খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়া বিধি অনুযায়ী নতুন আইন চালু হওয়ার পর ১০ লক্ষ টাকা পর্যন্ত নগদ জমা করা অথবা ব্যাঙ্ক থেকে তোলার সময় কোনও প্যান  দরকার পড়বে না। যা এখন দিনে ৫০ হাজার টাকা নগদ জমা ও তোলার জন্য প্রয়োজন হয়। এখন যদি কেউ গাড়ি অথবা টু হুইলার কিনতে চায়, তাহলে যে কোনও মূল্যের গাড়ি কিনলেই প্যান নম্বর দরকার। নয়া আইনে ৫ লক্ষ টাকার কম যদি গাড়ির দাম হয়, তাহলে আর প্যান বাধ্যতামূলক নয়। হোটেল ও রেস্তরাঁর বিলে ১ লক্ষ টাকা পর্যন্ত আদানপ্রদানে কোনও প্যানের দরকার হবে না। এখন এই অঙ্ক ৫০ হাজার টাকা। সম্পত্তিজনিত আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তার সীমা বৃদ্ধি করা হচ্ছে। নয়া বিধি অনুযায়ী ২০ লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে এই সীমা। এই পরিবর্তনকে সামগ্রিকভাবে আর্থিক লেনদেনকে সহজ, মসৃণ ও সমস্যাহীন করার লক্ষ্যেই বলে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, প্যান নিয়ে হঠাৎ শৈথিল্য কেন? টাকার সোর্স প্রকাশ নিয়েও  শিথিলতা আসবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ