নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিস্ফোরক এবং বেফাঁস। দুই বিবৃতি-প্রবণতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওতপ্রোতভাবে যেন জড়িয়ে রয়েছে। মার্কিন কংগ্রেসের ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট পুনরায় এরকমই এক বেফাঁস ও বিস্ফোরক দাবি করেছেন। বিগত মাসগুলির মতোই এদিনও তিনি নিজের কৃতিত্ব দাবি করে বলেছেন, তিনি একা হাতে বিশ্বের ৯টি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। সেই তালিকায় রয়েছে যথারীতি ভারত ও পাকিস্তান। এদিন ট্রাম্প নিজের স্তুতি নিজেই করতে গিয়ে বলে ফেলেছেন যে, সাড়ে তিন কোটি মানুষ আমাকে বলেছে আমি যদি ভারত ও পাকিস্তানের যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মৃত্যু পর্যন্ত হত। কারণ, ভারত ও পাকিস্তানের ওই যুদ্ধ পরমাণু সংঘাতের দিকে অগ্রসর হচ্ছিল। ট্রাম্পের এই মন্তব্য গোটা দুনিয়ায় ঝড় তোলে বুধবার। বিস্ময়ের পাশাপাশি বিদ্রুপেরও জোয়ারে ভেসে যায় সোস্যাল মিডিয়া। কারণ, কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় যে, আসলে ট্রাম্প বলতে চেয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি যদি ওই যুদ্ধ না থামাতাম, তাহলে সাড়ে ৩ কোটি মানুষের মৃত্যু হত। আর কংগ্রেসের সরাসরি সম্প্রচার ভাষণে ট্রাম্প বলে ফেলেছেন ঠিক উলটো কথা।



