ইসলামাবাদ: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ নিয়ে। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। অপারেশন সিন্দুরের পর জাতির উদ্দেশে ভাষণে এই বার্তাই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলার পরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের কথা ঘোষণা করে ভারত। এর জেরে চরম সঙ্কটে পড়েছে পাকিস্তান। অপারেশন সিন্দুরের পর দু’দেশের সংঘাত শুরু হয়। পাকিস্তানের আর্জিতে শেষপর্যন্ত শনিবার যুদ্ধবিরতি হয়েছে। এরপরই সিন্ধু চুক্তি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ভারতের দ্বারস্থ হল পাকিস্তান। সেদেশের জল সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে এব্যাপারে দিল্লিকে চিঠি লেখা হয়েছে বলে সূত্রের খবর। সেখানে কাতর অনুরোধ জানিয়ে বলা হয়েছে, চুক্তি সাসপেন্ড হলে পাকিস্তান সঙ্কটে পড়বে। উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জলবণ্টন চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, পূর্ববাহিনী শতদ্রু, বিপাশা ইরাবতীর অধিকার ভারতের। অন্যদিকে পশ্চিমবাহী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল পাবে পাকিস্তান। সেই চুক্তিই সাসপেন্ড করেছে ভারত। পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করতে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করছে ভারত। কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সি আর পাতিল এব্যাপারে কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন।



