ওয়াশিংটন, ২৫ মে: অপারেশন সিন্দুর অভিযানের মাধ্যমে জঙ্গিদের কড়া জবাব দিয়েছে ভারত। একই সঙ্গে পাক সেনাদেরও সমস্ত হামলা রুখে দিয়েছে ভারতীয় সেনারা। পাল্টা করেছে প্রত্যাঘাতও। ভারতের সেই প্রত্যাঘাতের বদলা নিতে প্রহর গুণছে পাকিস্তান? কারণ খবর পাওয়া যাচ্ছে ইসলামাবাদ নাকি গোপনে নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডারের শক্তি বাড়াচ্ছে। চলছে আধুনিকীকরণের কাজ। আর এই সবটাই পাকিস্তান করছে চীনের সাহায্যে। বেজিং, পাকিস্তানকে সামরিক সাহায্য ও অর্থও দিচ্ছে পরমাণু অস্ত্রের আধুনিকীকরণের জন্য।
সম্প্রতী আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের একটি রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের আধুনিকীকরণ করছে। পাশাপাশি নিজেদের পারমাণবিক সামগ্রীর নিরাপত্তার দিকেও নজর দিচ্ছে ইসলামাবাদ। দাবি করা হয়েছে ওই রিপোর্টে। চীন থেকে প্রয়োজনীয় পরমাণু সংক্রান্ত উপাদান এনে বিধ্বংসী অস্ত্র তৈরি করছে পাকিস্তান। বিশ্বের কোনও গোয়েন্দা সংস্থা যাতে জানতে না পারে তাই, হংকং, সিঙ্গাপুর, তুরস্ক ও আরবের মতো দেশ হয়ে সেই অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী আনাচ্ছে তারা। সবটাই ভারতকে রোখার জন্য। এমনটাই বলছে ওই রিপোর্ট। কারণ ভারতের প্রত্যাঘাতে এখন ভয়ে রয়েছে ইসলামাবাদ। পাকিস্তান ভারতকে নিজেদের ‘অস্তিত্বের জন্য ভয়ের’ কারণ হিসেবে দেখছে বলে দাবি করছে মার্কিন রিপোর্ট। তাই গোপনে নিজেদের শক্তি বাড়াচ্ছে পাকিস্তান। আমেরিকার ওই রিপোর্টে পাকিস্তানে বালোচ বিদ্রোহ নিয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।