Bartaman Logo
২৭ মে, ২০২৬

৩৭০ অনুচ্ছেদ ফেরানো নিয়ে এবার জম্মু-কাশ্মীর বিধানসভায় প্রস্তাব পাশ

৩৭০ অনুচ্ছেদ ফেরানো নিয়ে এবার জম্মু-কাশ্মীর বিধানসভায় প্রস্তাব পাশ
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করুক মোদি সরকার। বুধবার এজন্য ৩৭০ অনুচ্ছেদ ফেরানো নিয়ে প্রস্তাব পাশ হল বিধানসভায়। এর প্রবল বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। প্রস্তাবের নথি ছিঁড়ে ফেলে স্লোগান দিতে থাকেন তাঁরা। প্রবল হট্টগোলের জেরে একসময় সারাদিনের মতো অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
Advertisement
ভোটের আগে ও পরে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার উপরে বার বার জোর দিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লা। তুলনামূলকভাবে পিছনে চলে গিয়েছিল অনুচ্ছেদ ৩৭০ ফেরানোর প্রসঙ্গ। কিন্তু এদিন বিধানসভায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরতের প্রস্তাব তোলা হয় তাঁর দলের তরফে। প্রস্তাবটি পেশ করেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর সিং চৌধুরী। কেন্দ্র ‘একতরফাভাবে’ যেভাবে এব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রস্তাবে। তবে প্রস্তাব নিয়ে কোনও আলোচনা হয়নি। তা ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। এনসি ছাড়াও সিপিএম, পিডিপি, পিপলস কনফারেন্স বিধায়করা এই প্রস্তাব সমর্থন করেন। 
এনসি বলেছে, ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনার এই প্রস্তাব পাশের মাধ্যমে তারা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করল। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, ‘বিধানসভা তার কাজ করেছে।’ অর্থাৎ বুঝিয়ে দিলেন এবার বল কেন্দ্রের কোর্টে।
যদিও এই প্রস্তাব নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট নয় পিডিপি। দলের নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অভিযোগ, জম্মু-কাশ্মীরের বিশেষ ক্ষমতা পুনরুদ্ধারে আন্তরিক নয় ওমর আবদুল্লা সরকার। আরও নিখুঁতভাবে প্রস্তাব লেখার সুযোগ ছিল বলে দাবি করেছেন তিনি।
২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে মোদি সরকার। কেড়ে নেওয়া হয় জম্মু-কাশ্মীরের রাজ্যের তকমা। জন্ম হয় জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দু’টি নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের।
সম্পর্কিত সংবাদ