Bartaman Logo
২ জুন, ২০২৬

এবার রেলের লাইসেন্সপ্রাপ্ত হকারদের সচিত্র পরিচয়পত্র, বাধ্যতামূলক আধার নম্বর

সচিত্র পরিচয়পত্রে থাকতেই হবে আধার নম্বর। রেল স্টেশনের লাইসেন্সপ্রাপ্ত হকারদের জন্য এবার নয়া নিয়ম চালু করছে সংশ্লিষ্ট মন্ত্রক।

এবার রেলের লাইসেন্সপ্রাপ্ত হকারদের সচিত্র পরিচয়পত্র, বাধ্যতামূলক আধার নম্বর
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সচিত্র পরিচয়পত্রে থাকতেই হবে আধার নম্বর। রেল স্টেশনের লাইসেন্সপ্রাপ্ত হকারদের জন্য এবার নয়া নিয়ম চালু করছে সংশ্লিষ্ট মন্ত্রক। রেল যাত্রীদের একটি বড় অংশের অভিযোগ, ট্রেনে এবং স্টেশনে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অবৈধ হকারের সংখ্যা। এর ফলে অবাধে বিক্রি হচ্ছে সঠিক গুণমান না থাকা খাবার কিংবা পণ্য। সেই খাবার খেয়ে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন, এমন অভিযোগও উঠেছে। পরের পর এহেন অভিযোগ পেয়ে এবার নড়েচড়ে বসতে একপ্রকার বাধ্য হয়েছে রেলমন্ত্রক। আর সেইমতোই এবার রেলের লাইসেন্সপ্রাপ্ত হকারদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফটো আইডি কার্ড। তা ইস্যু করবে রেলমন্ত্রকই। বৈধ পরিচয়পত্র থাকা লাইসেন্সপ্রাপ্ত হকাররাই শুধুমাত্র প্রবেশাধিকার পাবেন রেলওয়ে স্টেশনে এবং ট্রেনে। অবৈধ হকারদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেবে রেল বোর্ড। 

Advertisement

রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা সবক’টি জোনে পাঠিয়েছে রেল বোর্ড। অবিলম্বে যথাযথ পদক্ষেপ করতেও বলা হয়েছে প্রত্যেক জেনারেল ম্যানেজারকে। এই বিষয়কে লক্ষ্যণীয় বলেই মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। প্রিমিয়াম রাজধানী, শতাব্দী, দুরন্ত কিংবা হালের বন্দে ভারত, জনশতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে হকারদের দৌরাত্ম্য বিশেষ চোখে না পড়লেও দূরপাল্লার সাধারণ মেল, এক্সপ্রেসে হামেশাই লাইসেন্সহীন হকারদের উৎপাতের অভিযোগ করেন সাধারণ যাত্রীরা। আবার অন-বোর্ড পরিষেবা অমিল থাকলে ওইসব হকারের কাছ থেকেই খাবার কিংবা অন্যান্য সামগ্রী নিতে একপ্রকার বাধ্য হন যাত্রীরা। 
রেলের এই নয়া সিদ্ধান্তে তাই রেল যাত্রীদের একাংশ সাফ দাবি করছে, রেল স্টেশন এবং ট্রেনে সমস্ত পরিষেবা প্রাপ্তির বন্দোবস্ত করা হোক। তাহলেই যাবতীয় সমস্যার সুরাহা হয়ে যাবে। রেল সূত্রে জানা যাচ্ছে, ওই পরিচয়পত্রে আধার নম্বরের পাশাপাশি থাকবে লাইসেন্সপ্রাপ্ত হকারের নাম, তাঁর মেডিক্যাল ফিটনেসের বিবরণ, পুলিস ভেরিফিকেশনের বিস্তারিত তথ্য, বরাতপ্রাপ্ত সংস্থার নাম, লাইসেন্স ইস্যু ও তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখের মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে সংশ্লিষ্ট স্টেশনের সুপারিনটেনডেন্ট অথবা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ রেল আধিকারিকের স্বাক্ষর থাকতে হবে। অথবা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) কোনও ভারপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষর সেখানে থাকতে হবে। তা দেখিয়েই তবে স্টেশনে ঢুকতে পারবেন ওই হকার। এক্ষেত্রে স্টেশনের নজরদারি ব্যবস্থাও আরও আঁটোসাঁটো করতে চাইছে রেল।

সম্পর্কিত সংবাদ