সংবাদদাতা, শিলিগুড়ি: শনিবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় রেলপথেও জল উঠেছে। যার জেরে উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতি আজ, সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ও আলিপুরদুয়ার ডিভিশনে মোট ন’টি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই বাতিল ট্রেনগুলি হল শিলিগুড়ি জংশন-বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস, শিলিগুড়ি জংশন-ধুবুরি ইন্টারসিটি এক্সপ্রেস, শিলিগুড়ি জংশন-নিউ বঙ্গাইগাঁও ডেমু, শিলিগুড়ি জংশন-বামনহাট ডেমু, শিলিগুড়ি জংশন-আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি- আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি- বঙ্গাইগাঁও এক্সপ্রেস, শিলিগুড়ি জংশন-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস ও বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার।



