নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলা ও বাঙালি আবেগে শান দিয়ে বুধবার, পয়লা বৈশাখের সকালে বর্ণাঢ্য রোড শো করলেন তৃণমূল প্রার্থীর। সেখানেই চলল জনসংযোগ। উচ্চকিত কোনো রাজনৈতিক স্লোগান ছাড়াই বাংলার নিজস্ব সংস্কৃতি তুলে ধরে বিশেষ দিনে বিশেষভাবে প্রচার সেরেছে জোড়াফুল শিবির। অশোকনগর, হাবড়া থেকে দেগঙ্গা, মধ্যমগ্রাম—সর্বত্রই তৃণমূলের প্রচারে ছিল নববর্ষের রং। পিছিয়ে ছিল না বিরোধীরাও। বিজেপি থেকে শুরু করে সিপিএম, আইএসএফ পাল্লা দিয়ে প্রচার চালিয়েছে।
ভিন রাজ্যে কাজে গিয়ে চূড়ান্ত হেনস্তার মুখে পড়তে হয়েছে এ রাজ্যের বহু পরিযায়ী শ্রমিককে। অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই আবহে বাংলা ও বাঙালি অস্মিতা রক্ষায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনেও বিজেপির বিরুদ্ধে এই ইস্যু নিয়ে সোচ্চার তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে তাই বাংলা নববর্ষকে হাতিয়ার করে বাঙালি আবেগে শান দিয়ে রোড শো করে তৃণমূল। এদিন মধ্যমগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ দলের কর্মীদের নিয়ে পশ্চিম খিলকাপুর অঞ্চলের নেতাজিপল্লি বাজারের সামনে থেকে পদযাত্রা করে ভোটারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন বছরের শুরুতে বিরোধী দলের প্রার্থীর সুস্থতা কামনা করে নিজের প্রচার সারেন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। এদিন তাঁর প্রচারে আসেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। অশোকনগরে বর্ষবরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, নৃত্য সহযোগে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা হয়।
দেগঙ্গা বিধানসভার বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দীপাড়া এলাকায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী আনিসুর রহমান ওরফে বিদেশ। পাল্লা দিয়ে দেগঙ্গায় প্রচারে ঝড় তুলেছেন আইএসএফ প্রার্থী মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই বাম শরিক দলের নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক সেরেছেন মিন্টু। তারপর কখনও পায়ে হেঁটে, কখনও গাড়িতে চেপে রোড শো করেছেন। দেগঙ্গা ব্লকের পাশাপাশি বারাসত ১ নম্বর ব্লকের কদম্বগাছি ও কোটরা অঞ্চলেও প্রচারে ঝড় তুলেছেন তিনি।
প্রসঙ্গত, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দেগঙ্গা বিধানসভা তৃণমূলের প্রার্থী দাবিদার ছিলেন মিন্টু। তাঁকে টিকিট না দেওয়ায় যোগ দেন আইএসএফ-এ। এরপর দেগঙ্গায় তিনি আইএসএফের হয়ে ভোটে দাঁড়ান। মিন্টুর কথায়, ‘মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় আমি আপ্লুত। জয় নিয়ে আমি নিশ্চিত। পয়লা বৈশাখেও প্রচার করছি।’