Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের প্রস্তুতি নিয়ে সব এসপি, সিপির সঙ্গে বৈঠক নতুন ডিজির

ভোটের প্রস্তুতি নিয়ে সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের (সিপি) সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।

ভোটের প্রস্তুতি নিয়ে সব এসপি,  সিপির সঙ্গে বৈঠক নতুন ডিজির
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের প্রস্তুতি নিয়ে সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের (সিপি) সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। ভোটের দিন যাতে কোথাও কোনোরকম অশান্তি না-হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার কথা বলেন তিনি। একইসঙ্গে বিভিন্ন জেলায় কোথায় অশান্তির কী অতীত ইতিহাস রয়েছে, তার খোঁজখবর নেন ডিজি। পাশাপাশি নির্বাচন কমিশন ও নির্বাচনি আচরণ বিধি যাতে যথাযথরূপে পালন করা হয় সেই বিষয়ের উপর তিনি জোর দেন।

Advertisement

সোমবারই দায়িত্ব নিয়েছেন নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। ভোটের আগে বেশি সময় তাঁর হাতে নেই। নির্বাচন শান্তিপূর্ণভাবে করানোই তাঁর সামনে একটা বড়ো চ্যালেঞ্জ। দায়িত্ব নিয়েই মঙ্গলবার ডিজি ভিডিয়ো কনফারেন্সে সমস্ত এসপি ও সিপি’দের সঙ্গে বৈঠকে করেন। বিভিন্ন জেলায় কোথায় কোথায় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে এবং সেখানে কোথাও কোনো সমস্যা রয়েছে কি না, প্রথমেই তার খোঁজখবর নেন। পাশাপাশি ফোর্স কোথায় কীভাবে মোতায়েন করতে হবে, বিভিন্ন জেলায় তাই নিয়ে এসপিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। ভোটের দিন কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন ডিজি। সামান্যতম অভিযোগ এলেও যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, নির্দেশ দেওয়া হয়েছে তারও। একইসঙ্গে বিভিন্ন জেলায় গোলমাল পাকাতে পারে এমন অপরাধীদের তালিকা নেন ডিজি। তাদের মধ্যে কতজন গ্রেপ্তার হয়েছে, তার রিপোর্ট ইতিমধ্যেই পাঠিয়েছেন বিভিন্ন জেলার এসপিরা। বিভিন্ন জেলার স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি ফোর্সের ব্যবস্থা করার উপর জোর দিয়েছেন ডিজি। সামান্যতম গোলমাল রুখে দেওয়াই তাঁর কাছে চ্যালেঞ্জ। নিরপেক্ষ ও হিংসাশূন্য ভোট করানোর উপরই জোর দিয়েছেন তিনি। 
ভোটের আগে রাজনৈতিক হাঙ্গামা ঠেকাতে পর্যাপ্ত ফোর্স রাখার উপর জোর দেওয়া হয়েছে। যাতে দুটি রাজনৈতিক দল একই জায়গায় সভা কিংবা একই রুটে মিছিল না করে, সেদিকে বিশেষভাবে নজর রাখার কথা বলা হয়েছে। পুলিশকে দেখতে হবে যাতে কোনো ধরনের উত্তেজনার পরিবেশে তৈরি না-হয়। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখার কথাও বলা হয়েছে এদিনের বৈঠকে। যেকোনো ধরনের গোলমালে তাদের ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি আদর্শ আচরণবিধি যথাযথভাবে পালন করাকেই পাখির চোখ করেছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা।

সম্পর্কিত সংবাদ