Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রশিক্ষণ ছাড়াই তথ্য যাচাইয়ের নির্দেশ, বিভ্রান্ত নতুন বিএলওরা, বিজেপি শাসিত রাজ্যের মতো এখানে যা খুশি করা যাবে না: মমতা

কোনওরকম প্রশিক্ষণ ছাড়াই নতুন নিয়োগপ্রাপ্ত বিএলওদের (বুথ লেভেল অফিসার) ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হল। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিএলওরা এমন নির্দেশ পাওয়ার পর রীতিমতো বিভ্রান্ত।

প্রশিক্ষণ ছাড়াই তথ্য যাচাইয়ের নির্দেশ, বিভ্রান্ত নতুন বিএলওরা, বিজেপি শাসিত রাজ্যের মতো এখানে যা খুশি করা যাবে না: মমতা
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, কুমারগঞ্জ: কোনওরকম প্রশিক্ষণ ছাড়াই নতুন নিয়োগপ্রাপ্ত বিএলওদের (বুথ লেভেল অফিসার) ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হল। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিএলওরা এমন নির্দেশ পাওয়ার পর রীতিমতো বিভ্রান্ত। তাঁদের অভিযোগ, ফোন করে ডেকে সুপারভাইজাররা ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন আবেদনপত্র বা ফর্ম ধরিয়ে দিচ্ছেন। সেগুলি ‘রিসিভ’ করিয়ে নেওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করে ১৮ আগস্টের মধ্যে জমা দিতে বলা হয়েছে। অথচ, এক্ষেত্রে কোন কোন তথ্য জানতে হবে, কী উপায়ে কাজটি হবে—সে সম্পর্কে কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি বিএলওদের। 

Advertisement

কুমারগঞ্জের বিএলও সুপারভাইজার বাপ্পা দত্ত বলেন, ‘আমাদের কাছে নতুনদের ট্রেনিং দেওয়া নিয়ে কোনও নির্দেশ আসেনি। আপাতত এভাবেই কাজ শুরু করতে বলা হয়েছে।’ সাফানগর গ্রাম পঞ্চায়েতের বিএলও হিসেবে সদ্য নিয়োগ করা হয়েছে মানস প্রামাণিককে। তিনি বলেন, ‘প্রশিক্ষণ ছাড়া এই কাজ করতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। কাজ শুরুর আগে আমাদের প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। তাছাড়া, আমাদের কোনও পরিচয়পত্র নেই। তথ্য যাচাইয়ের সময় কেউ আমাদের চ্যালেঞ্জে করলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে।’ কুমারগঞ্জ ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুজয় মণ্ডলের কথায়, ‘আপাতত প্রত্যেক সুপারভাইজার, বিএলও-কে তাঁদের কাজ সম্পর্কে মৌখিকভাবে বুঝিয়ে দিয়েছি। পরবর্তী নির্দেশ এলে সেই মতো কাজ করা হবে।’ আর কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস বলেন, ‘কিছু আবেদন জমা পড়ার পর হিয়ারিং হবে। দিনও একটা ঠিক হয়েছে। কিছুদিনের মধ্যে সমস্ত বিএলওর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ যদিও বিএলওদের যথাযথ প্রশিক্ষণের পরই ভোটার তালিকার তথ্য যাচাইয়ের কাজে লাগানো যাবে বলে ইতিমধ্যে সমস্ত জেলাকে নির্দেশ পাঠিয়েছে কমিশন। 
এই আবহে মঙ্গলবার জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সাফ জানিয়ে দিয়েছেন, ‘মনে রাখবেন, এটা বিজেপির রাজ্য নয়। এখানে যা খুশি করা যাবে না।’ ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের আধিকারিকদের যেভাবে নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে, সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন বলে মনে করছে প্রশাসনিক মহল। তাঁর সাফ বক্তব্য, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের আধিকারিকরা কমিশনের হয়ে কাজ করবেন। তার আগে যেন কোনওভাবেই প্রশাসনিক কাজ ব্যাহত না হয়। তবে কোনও চাপে বা কারও কাছে মাথা নত না করে নির্ভয়ে ভোটার তালিকার কাজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। অসম থেকে বাংলার বসিন্দাদের এনআরসির নোটিস পাঠানোর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘এসব করে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ভয় পাবেন না। সরকার আপনাদের পাশে আছে। ডেটা এন্ট্রি অপারেটররা কী কাজ করছেন, সেদিকে নজর রাখুন।’

সম্পর্কিত সংবাদ