নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপের যে ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশে মাছ ধরতে গিয়ে গ্রেপ্তার হয়ে আটকে রয়েছেন তাঁদের দ্রুত ফেরানো হবে। মঙ্গলবার গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। মমতার নির্দেশের পরেই কেন্দ্রের সঙ্গে রাজ্য যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বলেই সূত্রের খবর। পাশাপাশি তিনি এই বিষয় নিয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গেও কথা বলেছেন। শুধু তাই নয়, এখানে আটকে থাকা বাংলাদেশি মৎস্যজীবীদের কীভাবে বাড়ি ফেরানো যায় সে ব্যাপারেও উদ্যোগ নেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, মাস দুয়েক আগে মাছ ধরতে গিয়ে জল সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে যাওয়ার অভিযোগে ছটি ট্রলারের ওই ৯৫ জন ধরা পড়েছিলেন।



