নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়তলায় সাত মাসের শিশুকন্যাকে ধর্ষণের মামলায় বিচার চলাকালীন শুক্রবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কলকাতা পুলিস। ফরেন্সিক রিপোর্ট ও বিভিন্ন নথিপত্র সহ চার্জশিট পেশ করা হয় কলকাতা নগর দায়রার বিশেষ পকসো আদালতে। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সৈকত পাণ্ডে বলেন, ‘এই চার্জশিট জমা পড়ার ফলে এই মামলার বিচারে আরও গতি এল।’ এদিন রুদ্ধদ্বার এজলাসে তিনজন সাক্ষ্য দেন। পরবর্তী শুনানিতে আরও চারজনের সাক্ষ্য দেওয়ার কথা। এদিন জেল থেকে অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় জানান, ‘আমরা চাই অভিযুক্তকে জেল হেফাজতে রেখেই বিচার হোক। কারণ জামিন পেলে সে চম্পট দিতে পারে।’



