Bartaman Logo
৯ জুন, ২০২৬

নির্ধারিত সময়ের আগেই কেরলে প্রবেশ করল বর্ষা

নির্ধারিত দিনের আটদিন আগেই মূল ভূখণ্ডে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা।

নির্ধারিত সময়ের আগেই কেরলে প্রবেশ করল বর্ষা
  • ২৪ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ২৪ মে: নির্ধারিত দিনের আটদিন আগেই মূল ভূখণ্ডে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা। আজ, শনিবার আনুষ্ঠানিক ভাবে তেমনটাই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। গত ১০ মে আবহাওয়া দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছিল যে, ২৭ মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে। কিন্তু এদিনই কেরলে প্রবেশ করে গিয়েছে বর্ষা। যা রেকর্ড। এর আগে নির্ধারিত দিনের অনেক আগেই বর্ষা কেরলে প্রবেশ করেছিল ২০০৯ ও ২০০১ সালে। সেই দু’বছরে ২৩ মে কেরলে প্রবেশ করেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবার ১৯১৮ সালে মে মাসের ১১ তারিখেও কেরলে প্রবেশ করেছিল বর্ষা। আজ, শনিবার কেরলে বর্ষা প্রবেশ করায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কেরলের ও কর্ণাটকের উপকূল এলাকায় আগামী ২৯ মে পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পূর্ব-মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যেটি গভীর নিম্নচাপ রূপে দক্ষিণ কোঙ্কন উপকূল হয়ে রত্নগিরি ও ডাপোলির মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। এদিকে উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করে। উত্তরবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ৫ জুন। বর্ষা অগ্রসরের গতি বজায় থাকলে তার আগেই উত্তরবঙ্গে বর্ষাকাল শুরু হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন।

দক্ষিণবঙ্গে বর্ষা আগে আসতে পারে কি না তা বঙ্গোপসাগরে মাসের শেষদিকের সম্ভাব্য নিম্নচাপটির উপর নির্ভর করছে। এবার প্রথম থেকেই মৌসুমি বায়ুর গতিপ্রকৃতি খুবই সক্রিয়। নির্ধারিত সময়ের কয়েকদিন আগে ১৩ মে নাগাদ নিকোবর, দ্বীপপুঞ্জ, আন্দমান সাগর এবং বঙ্গোপসাগরে বর্ষা চলে আসে। তারপর থেকে বর্ষা খুবই দ্রুতগতিতে একদিকে আরব সাগর ও অন্যদিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে অগ্রসর হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে মায়ানমারের স্থলভাগের অংশ ইতিমধ্যে মৌসুমি বায়ু স্পর্শ করেছে। মায়ানমার হয়ে মৌসুমি বায়ুর একটি প্রান্ত উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিনদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় প্রবেশ করতে পারে বর্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ