Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

২৪ ঘণ্টায় ডেলিভারি না হলে পয়সা ফেরত, জানুয়ারি থেকে নয়া পরিষেবা ডাকবিভাগের

২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি পরিষেবা আনছে ভারতীয় ডাক বিভাগ। প্রাথমিকভাবে ছ’টি মেট্রো শহরকে এই পরিষেবার আওতায় আনা হচ্ছে।

২৪ ঘণ্টায় ডেলিভারি না হলে পয়সা ফেরত,  জানুয়ারি থেকে নয়া পরিষেবা ডাকবিভাগের
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি পরিষেবা আনছে ভারতীয় ডাক বিভাগ। প্রাথমিকভাবে ছ’টি মেট্রো শহরকে এই পরিষেবার আওতায় আনা হচ্ছে। দিল্লি, মুম্বই, চেন্নাই  বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের সঙ্গে  তালিকায় রয়েছে কলকাতা। ডাক বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারির গ্যারান্টি দিচ্ছে তারা। বাস্তবে যদি তা সম্ভব না হয়, তাহলে পোস্টেজ বা ডাক পাঠানোর খরচের সম্পূর্ণ অংশই ফেরত দেওয়া হবে গ্রাহককে। আগামী মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এই পরিষেবা চালু করবে তারা।  

Advertisement

কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রকের আওতাধীন ডাক বিভাগের লোকসানে লাগাম পরানো যাচ্ছে না। প্রতি বছর তা বেড়েই চলেছে। গত ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ২৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে ক্ষতির পরিমাণ। এই বিপুল লোকসানের বহর কমাতে পরিষেবার মাত্রা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। বেসরকারি সংস্থাগুলি যেখানে অতি দ্রুততার সঙ্গে ডাক পরিবহণ ও ডেলিভারি করে, সেখানে এখনও কিছুটা পিছিয়ে ইন্ডিয়া পোস্ট। এই খরা কাটাতেই তারা প্রিমিয়াম পরিষেবা চালু করতে চলেছে। আপাতত ২৪ ঘণ্টার পরিষেবায় ৫০০ গ্রাম পর্যন্ত নথি পাঠানো যাবে। পরবর্তী সময়ে ভারী পার্সেলের ক্ষেত্রেও এই সুবিধা পাবেন গ্রাহক। এমনটাই জানাচ্ছেন দপ্তরের কর্তারা। নয়া পরিষেবার খরচ কত?  জানা গিয়েছে, ৫০ গ্রাম, ২৫০ গ্রাম এবং ৫০০ গ্রাম পর্যন্ত তিনটি ক্যাটিগরিতে ভাগ করা হয়েছে খরচের হিসেব। স্থানীয় এলাকায় পঞ্চাশ গ্রাম বা তার কম ওজনের ডাক পাঠাতে ন্যূনতম খরচ ৩৮ টাকা। ২০০০ কিলোমিটার বা তার উপরের দূরত্বে এই ওজনের ডাক পাঠাতে সর্বোচ্চ খরচ ১৮৬ টাকা। এর উপরে ৫ শতাংশ  হারে জিএসটি প্রযোজ্য হবে। গ্রাহক যদি চান, তাহলে তিনি রেজিস্ট্রেশন বা বিমার মতো অতিরিক্ত পরিষেবাও নিতে পারেন। এক্ষেত্রে প্রতিটির জন্য খরচ আলাদা। গ্রাহক ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পরিষেবা, ডেলিভারি এসএমএস বা রিয়েল টাইম ডেটার সুবিধাও পাবেন। 
পাশাপাশি, যাঁরা একসঙ্গে অনেক ডাক বুকিং করবেন, তাঁদের জন্য থাকবে হরেক আর্থিক সুবিধা। বড় ব্যবসা আসে, এমন গ্রাহকদের জন্য ইতিমধ্যে আগে পরিষেবা, পরে পেমেন্টের সুবিধা চালু করেছিল ইন্ডিয়া পোস্ট। ২৪ ঘণ্টায় ডেলিভারির প্রিমিয়াম পরিষেবাতেও সেই সুযোগ মিলবে বলে জানা গিয়েছে। প্রতিদিন বিকেল ৪টের মধ্যে বুকিং করলে পরের দিনই তা ডেলিভারি দেওয়া সম্ভব হবে। কয়েকটি বিশেষ পোস্ট অফিসের জন্য অবশ্য সন্ধ্যা ৬টা পর্যন্ত মিলবে এই সুবিধা। 
ডাক বিভাগের দাবি, সময়ে ডেলিভারি না হলে খরচ রিটার্ন পাবেন গ্রাহক। যদি ডাক খোয়া যায় বা নষ্ট হয়, তাহলে সর্বোচ্চ ১ হাজার টাকা মিলবে ক্ষতিপূরণ বাবদ। ডাকবিভাগ জানাচ্ছে, ২৪ ঘণ্টায় গ্যারিন্টি সহ ডেলিভারির মতোই ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারিও চালু হচ্ছে একই সঙ্গে। এক্ষেত্রেও সময়ে ডেলিভারি না হলে টাকা ফেরত পাবেন গ্রাহক। মিলবে অন্যান্য সুবিধাও। তবে এক্ষেত্রে খরচ কিছুটা কম। সর্বনিম্ন ২৫ ও সর্বোচ্চ ১২১ টাকা। এই দু’টি পরিষেবায় যাতে ডাককর্মীরা উৎসাহ পান, তার জন্য তাঁদের ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা দেওয়ার কথাও ঘোষণা হয়েছে। মোট কথা, বেসরকারি সংস্থাগুলিকে টেক্কা দিতে কোমর বাঁধছে ইন্ডিয়া পোস্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ