নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের উপর রুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প রোষ থেকে রপ্তানি এবং উৎপাদন বাণিজ্যকে রক্ষার পথ কী হতে পারে, তা ঘিরে জোর আলোচনায় ব্যস্ত মোদি সরকার। এর মধ্যেই অর্থনৈতিক কাউন্সিলের বিশেষ বৈঠক আয়োজিত হল প্রধানমন্ত্রীর দপ্তরে। সোমবার রাতে আয়োজিত এই বৈঠকের মূল এজেন্ডা ছিল উৎপাদন শিল্প এবং কর্মসংস্থান। কিন্তু সবথেকে বেশি সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রইল ডোনাল্ড ট্রাম্প আরোপিত আমদানি শুল্ক। ২৭ আগস্ট থেকে ৫০ শতাংশ আমদানি শুল্কের ফতোয়া জারি করেছেন ট্রাম্প। এখনও পর্যন্ত সেই শুল্ক হ্রাসের কোনও বার্তা আসেনি। ফলে প্রবল ধাক্কা আসতে চলেছে টেক্সটাইল এবং গহনা শিল্পে। এই সমস্যা থেকে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কীভাবে চাঙ্গা করা যায়, বৈঠকে খোঁজ চলল সেই ফর্মুলার।



