Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

১ মিনিটের বেশি স্টপে দাঁড়ালে এবার বাস কর্মীদের কড়া শাস্তি

১ মিনিটের বেশি স্টপে দাঁড়ালে এবার বাস কর্মীদের কড়া শাস্তি
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ দুর্ঘটনা রোধে আরও কড়া হচ্ছে পরিবহণ দপ্তর। বেসরকারি বাস-মিনিবাসকে নিয়মের বেড়া জালে বাঁধতে নয়া গাইড লাইন আনল রাজ্য। যাত্রীদের অভিযোগ, অপ্রয়োজনীয়ভাবে নিয়মিত বেসরকারি বাস-মিনিবাস স্টপেজে দাঁড়িয়ে থাকে। যাত্রীরা বাসের চালক কিংবা কন্ডাক্টরকে বারবার অনুরোধ করলেও গাড়ি চালানোর কোনও উদ্যোগ চোখে পড়ে না। তাই নিয়ে প্রায়ই যাত্রী ও বাস কর্মীদের মধ্যে বচসা বাধে। সেই জটিলতা এড়াতে এবার নয়া নিয়ম চালু হতে চলেছে। পরিবহণ দপ্তরের জারি করা গাইড লাইনে সাফ বলা হয়েছে, বিনা প্রয়োজনে কোনও যাত্রীর জন্য সুনির্দিষ্ট স্টপেজে দীর্ঘক্ষণ অপেক্ষা করা যাবে না। এক্ষেত্রে ১ মিনিটের বেশি সময় বাস দাঁড়িয়ে থাকলে তা গুরুতর আইন ভঙ্গকারী ঘটনা হিসেবে দেখা হবে। যেটা কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী সংশ্লিষ্ট বাস কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিবেচিত হবে। অন্যদিকে, খুব শীঘ্রই বাস চালকদের জন্য নয়া মোবাইল অ্যাপ আনতে চলেছে নবান্ন। ডিউটি শুরুর আগে চালকদের সেই অ্যাপ অ্যাক্টিভ করতে হবে। যার মাধ্যমে সংশ্লিষ্ট গাড়ির গতি, রুট সহ যাবতীয় বিষয় সেই অ্যাপের মাধ্যমে পরিলক্ষিত হবে। যাত্রী সুরক্ষা বিধি কিংবা পথ নিরাপত্তা সংক্রান্ত নিয়ম অমান্য করলে সঙ্গে সঙ্গে তা ধরা পড়বে। এছাড়াও যাত্রী স্বাচ্ছন্দ্য, ব্যবহার ও আদর্শ আচরণ বিধি সংক্রান্ত এক গুচ্ছ নিয়মাবলির লিখিত নির্দেশিকা জারি করেছেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। তবে বাস মালিক সংগঠনগুলি এই গাইড লাইনের বিরোধিতায় সরব।  
Advertisement
সম্পর্কিত সংবাদ