


ঢাকা: বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন বিপন্ন। তাঁদের ধর্মীয় স্বাধীনতা ক্রমশ সঙ্কুচিত হয়ে আসছে বলে রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন। আর তার ঠিক পরেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে রংপুরে ১৫ জন হিন্দু ধর্মাবলম্বীর বাড়ি ভাঙচুর করা হল। উন্মত্ত জনতাকে ঠেকাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিসকর্মী। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ডেকে পাঠাতে হয়। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিস।
রংপুরের বেতগাড়ি এলাকার বাসিন্দা ওই কিশোর স্থানীয় এক পলিটেকনিকের পড়ুয়া। শনিবার দুপুরে ওই কিশোরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট করা হয় বলে অভিযোগ। যদিও কিশোরের দাবি, সে ওই পোস্ট করেনি। ওইদিনই কিশোরকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। একদল উন্মত্ত জনতা ওই কিশোর ও তার দাদার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। রবিবার ফের কয়েক হাজার মানুষ জড়ো হয়ে ওই কিশোরের গ্রামে হামলা চালায়। অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চলে। খবর পেয়ে সেনা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।