নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের ওয়াচ শাখার গোয়েন্দারা মঙ্গলবার বড়বাজার ও হেস্টিংস থানা এলাকায় অভিযান চালিয়ে দুই মহিলাকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হলেন অনিশা মালি (৪০) এবং নেহা মালি (৩০)। গোয়েন্দাদের দাবি, এই দুই মহিলা চলন্ত বাসে যাত্রীদের পকেট কেটে নগদ টাকা ও মোবাইল হাতিয়ে সুযোগ মতো নেমে যেতেন। তাঁদের পাশাপাশি গোয়েন্দারা এদিন ঘুঁটিয়ারি শরিফের শেখ সিরাজ নামে এক যুবককেও গ্রেপ্তার করেছেন। সে মূলত ভিড় বাসে যাত্রীদের ব্যাগ ও পকেট থেকে মোবাইল ফোন তুলে নিত বলে অভিযোগ। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।



