Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে বাইক চুরির অভিযোগে প্রেমিকা সহ গ্রেফতার এমবিএ যুবক

চুরির অভিযোগে ধৃত এমবিএ পাশ যুবক। চুরির ঘটনার মাস্টারমাইন্ড সন্দেহে বারাসত থানার হাতে গ্রেফতার তাঁর প্রেমিকাও।

বারাসতে বাইক চুরির অভিযোগে প্রেমিকা সহ গ্রেফতার এমবিএ যুবক
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চুরির অভিযোগে ধৃত এমবিএ পাশ যুবক। চুরির ঘটনার মাস্টারমাইন্ড সন্দেহে বারাসত থানার হাতে গ্রেফতার তাঁর প্রেমিকাও। ধৃতদের নাম শিবনাথ দাস ও মোনালিসা অধিকারি। জানা গিয়েছে, ১৬ সেপ্টেম্বর লারিকা এলাকায় একটি আবাসনের ভিতর থেকে বাইক চুরি হয়। বাইকের মালিক বারাসত থানায় অভিযোগ জানান। তারপর তদন্তে নেমে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবাক হয়ে যায় পুলিশ। জানতে পারে আবাসনের দুই আবাসিক চুরিতে জড়িত। বছরখানেক আগে এমবিএ পাশ করার পর বারাসতে ফ্ল্যাট ভাড়া নিয়ে একটি সংস্থা চালাতেন শিবনাথ ও মোনালিসা। সে সংস্থা বন্ধ হয়ে যায়। কিন্তু দু’জনে একসঙ্গেই থাকতেন। মোনালিসা একটি বেসরকারি কলেজের পড়ুয়া। বাইক চুরির পর দুই কারিগরকে আটক করে পুলিশ। তাদের জেরা করার পর শিবনাথদের নাম উঠে আসে। দু’জনকে জিজ্ঞাসাবাদ করে হতবাক তদন্তকারীরা। ডিজিটাল পদ্ধতিকে আশ্রয় করে চুরির ছক কষেছিল দু’জন। অনলাইনে মিস্ত্রি ভাড়া করে তারা। শিবনাথ তাঁদের বলেন, আবাসনে রাখা তাঁর বাইকটির চাবি হারিয়ে গিয়েছে। লক ভেঙে দিতে হবে। এরপর দুই কারিগর আবাসনে আসেন। মোনালিসা তাদের বাইকটি দেখিয়ে দেন। তিনি মাস্ক পরে মুখ ঢেকে রেখেছিলেন। বাইকের লক ভেঙে শিবনাথকে দিয়ে দেন কারিগররা। দু’চাকাটি অন্যত্র নিয়ে গিয়ে রাখেন শিবনাথ। গাড়িটির আসল মালিক দু’দিন পর আবাসনে আসেন। বাইক খুঁজে না পেয়ে থানায় অভিযোগ জানান। শুক্রবার রাতে শিবনাথ ও মোনালিসাকে ধরে পুলিশ। তারপর গ্রেফতার করে। শনিবার বারাসত আদালতে তোলা হলে বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। খোয়া যাওয়া বাইকের খোঁজ চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ