কাঠমাণ্ডু: রাজতন্ত্র ফেরানোর দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন শুরু হয়েছে নেপালে। শুক্রবার রাজতন্ত্রপন্থীদের সঙ্গে পুলিসের ব্যাপক সংঘর্ষ হয়। এর মধ্যেই দুর্গা প্রসাই নামে এক প্রাক্তন মাওবাদী গেরিলা নেতার নাম আলোচনায় উঠে এসেছে। শুক্রবার আন্দোলন চলাকালীন নেপালের সংসদ ভবন লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেন তিনি। গাড়ির ধাক্কায় বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে যায়। নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র শাহকে পদত্যাগে বাধ্য করার পিছনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন দুর্গা প্রসাই। বিবাদমান বামপন্থী দলগুলিকে একটি জোটের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ১৭ বছর পর এবার ওই গেরিলা নেতা অন্য ভূমিকায়।
যে রাজাকে উৎখাতে আন্দোলনে নেমেছিলেন, সেই জ্ঞানেন্দ্রকেই ফের নারায়ণহিতি প্রাসাদের সিংহাসনে বসাতে আন্দোলনে নেমেছেন তিনি। রাজধানী কাঠমাণ্ডুর আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে দুর্গাকে। তবে এখন গা-ঢাকা দিয়েছেন তিনি। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিস। একটি বার্তায় তিনি জানিয়েছেন, ‘দেশ থেকে পালাইনি। কাঠমাণ্ডুতেই আছি।’
এই আন্দোলনের নেপথ্যে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রই রয়েছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সংসদে তিনি জানান, যে সব প্রভাবশালী ব্যক্তি ব্যাঙ্ক ঋণ মেটাতে চান না, তাঁরা প্রাক্তন রাজার সঙ্গে হাত মিলিয়েছেন। নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্যই জ্ঞানেন্দ্র দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন বলেও দাবি করেছেন ওলি।
নেপালে রাজতন্ত্র বিলোপের দাবিতে নয়ের দশক থেকেই আন্দোলন শুরু করেছিল মাওবাদীরা। দীর্ঘ ‘গৃহযুদ্ধ’ শেষে ২০০৮ সালে রাজতন্ত্র শেষ হয় পাহাড়ি এই দেশে। গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর এখনও পর্যন্ত ১৩ বার সরকার বদল হয়েছে। রাজনৈতিক নেতাদের ক্রমাগত ব্যর্থতার জেরে চরম ক্ষুব্ধ নেপালের জনগণ।