Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার অপরাধের দেশে শীর্ষে বিজেপি শাসিত দুই রাজ্য মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ

সারা দেশে সাইবার অপরাধের শীর্ষে বিজেপি শাসিত দুই রাজ্য মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে বিনিয়োগের নামে প্রতারণা— সব ধরনের সাইবার জালিয়াতির ঘটনা এই দুই রাজ্যে বেড়েছে ব্যাপক মাত্রায়।

সাইবার অপরাধের দেশে শীর্ষে বিজেপি শাসিত দুই রাজ্য মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারা দেশে সাইবার অপরাধের শীর্ষে বিজেপি শাসিত দুই রাজ্য মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে বিনিয়োগের নামে প্রতারণা— সব ধরনের সাইবার জালিয়াতির ঘটনা এই দুই রাজ্যে বেড়েছে ব্যাপক মাত্রায়। সংশ্লিষ্ট রাজ্যে বসেই সাইবার প্রতারকরা একের পর এক অপরাধ সংগঠিত করছে। এই তথ্য ধরা পড়েছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যানেই। একইভাবে গেরুয়া শিবিরের হাতে থাকা গুজরাত ও ওড়িশায় সাইবার অপরাধের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই সব রাজ্যে ঢাকঢোল পিটিয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে প্রচার করা হলেও আদৌ তা কার্যকর করা হচ্ছে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। 

Advertisement

গোটা দেশেই সাইবার জালিয়াতির ঘটনা বাড়ছে। তার মধ্যে ডিজিটাল অ্যারেস্ট বা বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণার সংখ্যা সবচেয়ে বেশি। প্রতারকদের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। সাইবার জালিয়াতি রুখতে কেন্দ্র বিভিন্ন পদক্ষেপ করলেও অপরাধীদের জাল বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে। যে কারণে তাদের ধরতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বিভিন্ন রাজ্যের পুলিশকে। অনেক ক্ষেত্রে মাঝপথেই থমকে যেতে হচ্ছে তদন্তকারীদের। এই সুযোগে সাইবার অপরাধীরা একের পর এক জালিয়াতি করে চলেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত মহারাষ্ট্রে ১ লক্ষ ৬০ হাজার সাইবার জালিয়াতির কেস নথিভুক্ত হয়েছে। তারপরেই রয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে নথিভুক্ত অভিযোগের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজারেরও বেশি। তদন্ত রিপোর্ট বলছে, সাইবার জালিয়াতরা মূলত এই দুই রাজ্যে বসেই দেশজুড়ে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। এই দুই রাজ্যের পাশাপাশি গোয়েন্দাদের চিন্তা বেড়েছে গুজরাত, কর্ণাটক ও ওড়িশায় সাইবার অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায়। গুজরাতে সাইবার অপরাধের সংখ্যা বৃদ্ধির হার ৮২৪ শতাংশ। ওড়িশা ও কর্ণাটকে এই হার হল যথাক্রমে ৭৮৩ ও ৭৬৩। চলতি বছরের জুন মাস পর্যন্ত গুজরাতে সাইবার জালিয়াতির অভিযোগ জমা পড়েছে ৮৮ হাজার। কর্ণাটক ও ওড়িশায় অভিযোগের সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ২ হাজার ও ২৮ হাজার। সেখানে পশ্চিমবঙ্গে এই বছরের প্রথম ছ’মাসে সাইবার ক্রাইম সংক্রান্ত ৭৭ হাজার অভিযোগ জমা পড়েছে। সপ্তম স্থানে থাকা বাংলায় সাইবার জালিয়াতির কিনারা হয়েছে সবচেয়ে বেশি। এমনকী অন্য রাজ্যগুলির তুলনায় প্রতারিতকে অনেক বেশি টাকা ফেরাতে পেরেছেন এই রাজ্যের তদন্তকারী অফিসাররা।
রাজ্য পুলিশের শীর্ষকর্তারা জানিয়েছেন, সাইবার ক্রাইমকে গুরুত্ব দেওয়ার কারণেই অপরাধ হলেও দ্রুত তার কিনারা করা যাচ্ছে। পাশাপাশি ভিন রাজ্যে থাকা সাইবার জালিয়াতদের সম্পর্কে লাগাতার তথ্য পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশকে। বিজেপি শাসিত রাজ্যগুলি যখন সাইবার অপরাধ দমনে রীতিমতো দিশাহারা হয়ে পড়ছে, তখন পশ্চিমবঙ্গ সঠিক পরিকল্পনা করে এই অপরাধকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ