কারাকাস: আগে থেকেই মার্কিন সেনা অভিযানের ইঙ্গিত মিলেছিল। যে কোনও সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করা হতে পারে, সেই আভাসও মেলে। সূত্রে খবর, পরিস্থিতি বেগতিক দেখে মাদুরোকে আশ্রয়দানের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তালিকায় ছিল ভেনেজুয়েলার একাধিক বন্ধু দেশও। মাদুরোকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি যেন দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। সেখানে নিজের অর্থ-সম্পত্তিও বহাল তবিয়তে ভোগ করতে পারবেন তিনি। এক্ষেত্রে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তাতে কান দেননি মাদুরো। অন্য দেশে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আর সেটাই কাল হল। মাঝরাতে হঠাৎ ডেল্টা ফোর্সের অভিযান। সস্ত্রীক মাদুরোকে বন্দি করে আমেরিকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়। দ্য ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট সূত্রে সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।



