Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ লক্ষ টাকার চেক ফেরানো রিকশচালককে ‘সেরা নাগরিক’ ঘোষণা, অনুদান দেবেন বিধায়ক

১৫ লক্ষ টাকার চেক ফেরানো রিকশচালককে ‘সেরা নাগরিক’ ঘোষণা, অনুদান দেবেন বিধায়ক
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গরিবের ঘরে লাখ টাকা যেন স্বপ্ন! কিন্তু, গরিব হলেও রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ১৫ লক্ষ টাকার বেয়ারার চেক ফিরিয়ে দিয়েছেন রিকশওয়ালা নুর আলি। বাগুইআটি থানার মাধ্যমে তিনি আসল গ্রাহকের কাছে তা ফিরিয়ে দিয়েছেন। এই সততার জন্য মঙ্গলবার তাঁকে পুরস্কৃত করল রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বিধায়ক জানিয়েছেন, আগামী ১ জানুয়ারি নুর আলিকে নিউটাউনের সেরা নাগরিক সম্মান দেওয়া হবে। সেইসঙ্গে তাঁর পরিবারের আর্থিক সমস্যাও দেখা হবে। তাঁর অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। বিধায়কের এই ঘোষণায় উচ্ছ্বসিত নুর আলি। প্রসঙ্গত, ৪০ বছরের নুরের বাড়ি বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আটঘড়া এলাকায়। তিনি পেশায় রিকশচালক। গত বৃহস্পতিবার তিনি চিনার পার্কের কাছে রাস্তা থেকে ১৫ লক্ষ টাকার (৩ লক্ষ টাকা করে মোট ৫টি চেক) বেয়ারার চেক কুড়িয়ে পান। পুলিস জানিয়েছে, চাইলে তিনি ব্যাঙ্কে গিয়ে ওই বিপুল পরিমাণ টাকা তুলে নিতে পারতেন। কিন্তু, তিনি তা না করে বাগুইআটি থানায় চেকগুলি জমা দেন। পুলিস প্রকৃত গ্রাহককে খুঁজে বের করে তাঁর হাতে ওই চেক তুলে দিয়েছে। মঙ্গলবার ‘বর্তমানে’ সেই খবর প্রকাশিত হয়েছে। এদিনই নুর আলিকে ডেকে পাঠিয়ে পুরস্কারের কথা ঘোষণা করেন বিধায়ক। তাঁকে ফুলের স্তবক দিয়েও সংবর্ধনা জানানো হয়। বিধায়ক বলেন, নুর আলি যা করেছেন, তা সত্যিই মহৎ কাজ। তাঁর সততার জন্যই তাঁকে আমরা পুরস্কৃত করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ