নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাসত: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একেবারে শেষ মুহূর্তে সন্দেহজনক ভোটারের তালিকা আপলোড করল নির্বাচন কমিশন। মোট ১ কোটি ৩৬ লক্ষ নাম রয়েছে সেখানে। শনিবার গভীর রাতে বুথভিত্তিক তালিকা পাঠানো হয়েছে ইআরও, এইআরও এবং বিএলওদের কাছে। এর পাশাপাশি ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের তালিকাও পাঠানো হয়েছে জেলায় জেলায়। আজ সেই তালিকা টাঙানো হবে সমস্ত পঞ্চায়েত অফিস ও শহুরে এলাকায় ওয়ার্ড অফিসগুলিতে। যদিও শীর্ষ আদালতের নির্দেশ ছিল, ২৪ জানুয়ারি অর্থাৎ শনিবারের মধ্যে রাজ্যের সমস্ত পঞ্চায়েত অফিস ও শহুরে এলাকায় ওয়ার্ড অফিসগুলিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু তা হয়নি। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সময়সীমা কমিশন লঙ্ঘন করছে কি না, আমরা নজর রাখছি। আমাদের কাছে তথ্য এসেছে মাইক্রো অবজার্ভারদের হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে। এটা বেআইনি। অবমাননার প্রসঙ্গ আমরা সর্বোচ্চ আদালতে তুলে ধরব।’



