ঢাকা, ১৩ এপ্রিল: জমি দুর্নীতির পৃথক তিনটি মামলায় বিপাকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঢাকার পূর্বাচলে রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) জমি বরাদ্দে দুর্নীতি করেছিলেন। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন ‘ক্ষমতার অপব্যবহার করে’ ৩০ কাঠা জমি বরাদ্দ করে নিয়েছিলেন মুজিবকন্যা। সেই সংক্রান্ত তিনটি মামলায় শেখ হাসিনা, বোন রেহানা ও তাঁর পুত্র ববি ও মেয়ে টিউলিপ সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দেওয়া চার্জশিটের ভিত্তিতেই আজ, রবিবার এই নির্দেশ দিয়েছে আদালত। এদিন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ বিচারক জাকির হোসেন গালিবের আদালত দুদকের (দুর্নীতি দমন কমিশন) দেওয়া চার্জশিট গ্রহণ করেন। অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ বিচারক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ এপ্রিল। এর আগে গত ১০ এপ্রিল, বৃহস্পতিবার রাজউকের জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের(দুর্নীতি দমন কমিশন) দায়ের করা মামলায় শেখ হাসিনা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ঢাকার এই আদালতই।
শেখ হাসিনা আপাতত বাংলাদেশে নেই। সেই সময়েই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা আদালতে নথিভুক্ত করছে দুদক সহ অন্যান্য তদন্তকারী সংস্থা। বিশেষজ্ঞদের মতে, এইভাবে একের পর এক মামলায় হাসিনা ও তাঁর পরিবারকে জর্জরিত করে বিপাকে ফেলতেই চাইছে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।