নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের ফুটপাতে ঘটে চলা অপরাধে এবার রাশ টানতে চাইছে লালবাজার। তাই কলকাতার সব থানার ওসিদের ফুটপাতের বাসিন্দাদের ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। শনিবার দুপুরে কলকাতা পুলিসের মাসিক ক্রাইম কনফারেন্সে এই নির্দেশ দিয়েছেন গোয়েন্দা প্রধান রূপেশ কুমার।
সাম্প্রতিক কালে কলকাতার অপরাধ পরিসংখ্যান ঘাটতে গিয়ে দেখা যাচ্ছে, পুরানো বিবাদের জেরে অতি সম্প্রতি টালিগঞ্জ থানা এলাকায় ফুটপাতে নৃশংস খুনের ঘটনা ঘটেছে। আবার বড়তলাতে রাতের অন্ধকারে ফুটপাতবাসী ছ’মাসের শিশুকন্যাকে নৃশংস ধর্ষণের ঘটনাও ঘটেছে। অতীতে শহরের বউবাজার থানা এলাকায় ফুটপাতবাসী এক যুবককে পেভার ব্লক দিয়ে মাথায় মেরে খুনের ঘটনা ঘটেছিল। এদিনের বৈঠকে শহরে ফুটপাতের অপরাধ নিয়ে বলতে গিয়ে কর্তারা মাদক পাচার, অস্ত্র কারবারের কথাও উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। এই ধরনের অপরাধে রাশ টানতে চাইছে লালবাজার।
পাশাপাশি, এদিনের ক্রাইম কনফারেন্সে পুলিস কমিশনার মনোজ ভার্মা বলেন, পুজো আসছে। পুজো প্যান্ডেলে ঢোকার তুলনায় বের হওয়ার গেট যাতে চওড়া হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে পুজোর থিম আগাম জেনে নিতে হবে। বিশেষ করে, স্পর্শকাতর থিম কেউ করছে কি না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কলকাতা পুলিসের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনও কাজ করা যাবে না। বকেয়া মামলার নিষ্পত্তি প্রসঙ্গে বলতে গিয়ে সিপি এদিন বলেছেন, তদন্ত শেষ করে দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে। আগামী মাসে স্কুল সার্ভিসের দুটি পরীক্ষা রয়েছে। এনিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। ভোট ক্রমশ এগিয়ে আসছে। তাই শহরের অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তৎপরতা বাড়াতে হবে। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খুনে ৯০ দিনের আগে চার্জশিট দিতে নির্দেশ দিয়েছেন সিপি। এদিন ক্রাইম কনফান্সের শুরুর আগে কলকাতা পুলিস ঘোষিত তালিকায় নাম থাকা অফিসারদের হাতে পদক তুলে দেন সিপি। পাশাপাশি, নিউ গড়িয়ার আবাসনে বৃদ্ধা খুনের দ্রুত কিনারা করার জন্য ডিসি (ইডি) অরীশ বিলাল সহ পঞ্চসায়র থানার টিমের হাতে শংসাপত্রও তুলে দেন তিনি।