শাহরুখ খানকে পরিচালনা করা তাঁর স্বপ্ন ছিল। ‘জওয়ান’ ছবির হাত ধরে সেই স্বপ্নপূরণ করেছিলেন পরিচালক অ্যাটলি। বলিউডের অন্যতম সফল ছবির তালিকায় নাম লিখিয়েছে এই সিনেমা। এরপর তাঁর পাখির চোখ সলমন খান। ইতিমধ্যে পরিচালকের সঙ্গে যাবতীয় আলোচনা শেষ হয়েছে। ‘সিকান্দার’-এর কাজ শেষ করেই এই ছবির প্রস্তুতি শুরু করবেন সলমন। আগামী বছর থেকে অ্যাটলির পরিচালনা শ্যুটিং শুরু করবেন ভাইজান। এই ছবির বাজেট নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে ছবিটি তৈরি করবেন অ্যাটলি। সম্পূর্ণ নতুন স্বাদের একটি সিনেমা দর্শককে উপহার দিতে চান পরিচালক। সেজন্য বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত প্রযোজকও। এই ছবিতে কাজ করার জন্য উচ্ছ্বসিত সলমনও।



