নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গৃহস্থের রান্নাঘরে থাকা গ্যাস ওভেন ও সিলিন্ডার সুরিক্ষত রয়েছে কি না, বিনামূল্যে তা যাচাইয়ের প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রলিয়াম মন্ত্রকের তরফে চলতি বছরের মার্চ থেকে এই কাজ শুরু হয়। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া হয়। এখনও পর্যন্ত আট কোটি রান্নাঘরে সুরক্ষা যাচাইয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি। এই কাজ আগামী দিনেও চলবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সিলিন্ডার থেকে চুল্লি পর্যন্ত আসা পাইপ নষ্ট হয়ে গিয়েছে। এসব ক্ষেত্রে বিপদ ঘটতে পারে। তাই ওই পাইপ বদল করে দেন সংশ্লিষ্ট কর্মীরাই। কেন্দ্রের উদ্যোগে এই পাইপটি কম মূল্যে বদল করার সুযোগ করে দেওয়া হয়েছে বলে দাবি সংস্থাগুলির। এখনও পর্যন্ত ৩ কোটি ৩৩ লক্ষ গ্যাস সংযোগের ক্ষেত্রে পাইপ বদল করা হয়েছে বলে জানিয়েছে তারা।



