Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২১ জানুয়ারি খানাকুল-১ পঞ্চায়েত সমিতিতে চার নয়া কর্মাধ্যক্ষের নির্বাচন

২১ জানুয়ারি খানাকুল-১ পঞ্চায়েত সমিতিতে চার নয়া কর্মাধ্যক্ষের নির্বাচন
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আগামী ২১ জানুয়ারি খানাকুল-১ পঞ্চায়েত সমিতির চার স্থায়ী সমিতির নতুন কর্মাধ্যক্ষ নির্বাচন। কারা হবেন কর্মাধ্যক্ষ? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে খানাকুলজুড়ে। যদিও এই ব্যাপারে দলের নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে। এখনই তাঁরা কোনও নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে, কর্মাধ্যক্ষ মনোনয়নে গুরুত্ব দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা, দলের প্রতি আনুগত্যকে। প্রশাসনের এক আধিকারিক বলেন, নতুন কর্মাধ্যক্ষ নির্বাচনের দিন স্থির হয়েছে ২১ জানুয়ারি। সেইদিন দুপুর ১ টার মধ্যে সংশ্লিষ্ট স্থায়ী সমিতির সদস্যদের হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। খানাকুল-১ ব্লক তৃণমূলের সভাপতি দীপেন মাইতি বলেন, ‘স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেই কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে অনাস্থা আনেন সদস্যরা। তাই নতুন কর্মাধ্যক্ষ পদে কারা বসবেন তা পঞ্চায়েত সমিতির সদস্যরাই ঠিক করবেন। দল তাতে অমুমোদন দিলে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে আগামীদিনে যাতে পঞ্চায়েত সমিতি পরিচালনায় কোনও বিঘ্ন না ঘটে সেই দিকটিও দেখা হবে।’    
Advertisement
বিজেপি অবশ্য এই ঘটনাকে ঘিরেও তৃণমূলকে কটাক্ষ করেছে। খানাকুলের বিধায়ক বিজেপির সুশান্ত ঘোষ বলেন, ‘ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। ফলে যাঁদেরই আনা হোক ভালো কিছু হবে না। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন পরিষেবা থেকে। কর্মাধ্যক্ষ নিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই।’ বিজেপির অভিযোগকে অবশ্য গুরুত্ব দেয়নি তৃণমূল। ব্লক সভাপতি বলেন, ‘বিজেপি জিতলেও খানাকুলে কোনও উন্নয়ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এখানে কাজ হচ্ছে। ফলে বিজেপির এসব কথার কোনও গুরুত্ব নেই আমাদের কাছে।
তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠীর দ্বন্দ্বে অচলাবস্থা তৈরি হয়েছিল খানাকুল-১ পঞ্চায়েত সমিতিতে। আগেই পূর্ত কর্মাধ্যক্ষ পদ থেকে সরাতে নইমুল হক ওরফে রাঙার বিরুদ্ধে অনাস্থা আনেন ওই স্থায়ী সমিতির সদস্যরা। তারপর ফের জনস্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষকে তাঁদের পদ থেকে অপসারণ করতে অনাস্থা প্রস্তাব আনা হয়। গত সপ্তাহেই আরামবাগের মহকুমা শাসকের কার্যালয়ে চার কর্মাধ্যক্ষকে অপসারণ করা হয়। ওইদিন অবশ্য বিদায়ী কর্মাধ্যক্ষরা কেউ হাজির ছিলেন না। ফলে, অনাস্থা পাস হয়ে যায়। তারপরই খানাকুল-১ পঞ্চায়েত সমিতির চার স্থায়ী সমিতিতে নতুন কর্মাধ্যক্ষ নির্বাচনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তার ভিত্তিতে সংশ্লিষ্ট সদস্যদের সম্প্রতি চিঠিও পাঠানো হয়েছে। ফলে এবার সেখানে নতুন কর্মাধ্যক্ষ কারা হবেন, সেইদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে নতুন কর্মাধ্যক্ষ হিসেবে অনেকের নাম নিয়েই চর্চা শুরু হয়েছে। যদিও ব্লক তৃণমূল নেতৃত্ব তাতে সিলমোহর দেয়নি। ব্লক সভাপতির দাবি, এখনও কয়েকদিন হাতে সময় রয়েছে। তারমধ্যে পঞ্চায়েত সমিতির সংশ্লিষ্ট সদস্যরা নতুন কর্মাধ্যক্ষদের নাম ঠিক করে দলকে জানাবেন।
সম্পর্কিত সংবাদ