Bartaman Logo
২৭ মে, ২০২৬

৬.৬% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস

৬.৬% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছে ৫.৪ শতাংশ। গত প্রায় দু’বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও এই হার ছিল পূর্বাভাসের তুলনায় কম। জিনিপত্রের মূল্যবৃদ্ধি ও মানুষের রোজগারে ধাক্কায় দ্বিতীয় ত্রৈমাসিকেও বৃদ্ধির চাকায় গতি আসেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ধাক্কা সামলে ২০২৪-২৫ অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে। সোমবার কেন্দ্রীয় ব্যাঙ্কের রিপোর্টে দাবি করা হয়েছে, অর্থনীতির অবস্থা স্থিতিশীল। গ্রামীণ এলাকায় খরচের ক্ষমতা বাড়ছে। সেইসঙ্গে সরকারি খরচ ও লগ্নিও বেড়েছে। পরিষেবার রপ্তানিও ঊর্ধ্বমুখী। সবমিলিয়ে তেজিভাব দেখা যাচ্ছে অর্থনীতিতে। এদিন ডিসেম্বরের ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট (এফএসআর) প্রকাশ করেছে আরবিআই। সেখানে ভারতের ব্যাঙ্কগুলির সার্বিক হালহকিকতের উন্নতির দাবি করা হয়েছে। আরও বলা হয়েছে, চলতি অর্থবর্ষের প্রথমার্ধে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার গত বারের প্রথম ও দ্বিতীয় অর্ধের যথাক্রমে ৮.২ ও ৮.১ শতাংশ থেকে কমেছে। তা সত্ত্বেও বৃদ্ধির হার এগিয়ে নিয়ে যাওয়ার পরিস্থিতি ইতিবাচক। মানুষের খরচের ক্ষমতা, লগ্নি সহ অন্যান্য পরিস্থিতি জিডিপির পালে হাওয়া জোগাবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ